কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে: প্রধানমন্ত্রী
জুন ১৮, ২০২৬
বিক্রি হবে ৬৮ বছরের পিৎজা হাট!
জুন ১৮, ২০২৬
কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে: প্রধানমন্ত্রী
জুন ১৮, ২০২৬
বিক্রি হবে ৬৮ বছরের পিৎজা হাট!
জুন ১৮, ২০২৬

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর —স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বদ্ধপরিকর।

গতকাল জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়মিত গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা ও সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা অব্যাহত রয়েছে।

কিশোর গ্যাং যাতে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‌স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতাদের সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘‌আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্তকরণ এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‌গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের দৃশ্যমান টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‌কোনো ধরনের উগ্রবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’ অপরাধী শনাক্তকরণ ও গ্রেফতারে লোকেশন ট্র্যাকিং এবং মোবাইল কললিস্ট বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *