
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর —স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ১৮, ২০২৬
মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর কিংবা অবসায়ন হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগে স্থগিত
জুন ১৮, ২০২৬বিক্রি হবে বিশ্বখ্যাত পিৎজা চেইন পিৎজা হাট। ডমিনো’স, পাপা জনস ও লিটল সিজার্সের মতো প্রতিযোগী ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও ক্রমাগত লোকসানের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ২ দশমিক ৭ বিলিয়ন বা ২৭০ কোটি ডলারে পিৎজা হাট বিক্রি করার ঘোষণা দিয়েছে প্যারেন্ট কোম্পানি ইয়াম! ব্র্যান্ডস। খবর বিবিসি।
ব্যবসায়িক চুক্তি অনুযায়ী, পিৎজা হাটের বৈশ্বিক ও চীন অংশের মালিকানা আলাদা দুটি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে। চীনের মূল ভূখণ্ডের বাইরের পিৎজা হাট ব্যবসা ১৫০ কোটি ডলারে কিনছে বেসরকারি ইকুইটি ফার্ম লংরেঞ্জ ক্যাপিটাল। অন্যদিকে চীনের ব্যবসা ১২০ কোটি ডলারে কেনার কথা জানিয়েছে ইয়াম চায়না হোল্ডিংস।
ইয়াম! ব্র্যান্ডসের প্রধান নির্বাহী ক্রিস টার্নার জানান, লংরেঞ্জ ও ইয়াম চায়নার অধীনে পিৎজা হাট ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাবে। কারণ দুটি প্রতিষ্ঠানেরই রেস্তোরাঁ খাতে ভালো অভিজ্ঞতা রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই পিৎজা হাটের ব্যবসায় মন্দা চলছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ব্র্যান্ডটির বিক্রি ক্রমাগত কমছিল। যুক্তরাষ্ট্রের বাজার পিৎজা হাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মোট আন্তর্জাতিক বিক্রির ৪০ শতাংশই আসে সেখান থেকে। এদিকে গত বছরের নভেম্বর থেকেই বিক্রির জন্য ক্রেতা খুঁজছিল প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার ফলে গ্রাহকরা সস্তা ও সাশ্রয়ী খাবারের দিকে ঝুঁকছেন। এ সুযোগে ডমিনো’স বা লিটল সিজার্সের মতো প্রতিযোগী চেইনগুলো নানা ধরনের ছাড় দিয়ে গ্রাহকদের আকর্ষণ করছে। পাশাপাশি মাঝারি ও আঞ্চলিক পিৎজা ব্র্যান্ডগুলোও দ্রুত পরিবর্তনশীল গ্রাহক চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। এছাড়া ফুড ডেলিভারি অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়ার ফলে বাজারে বিকল্প খাবারের সংখ্যা অনেক বেড়েছে, যা পিৎজা হাটের একক আধিপত্যে বড় আঘাত হেনেছে।
১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে দুই ভাইয়ের হাত ধরে যাত্রা করে পিৎজা হাট। ১৯৭৭ সালে এটি কিনে নেয় পেপসিকো। এরপর ১৯৯৭ সালে পেপসিকো থেকে আলাদা হয়ে এটি ইয়াম! ব্র্যান্ডসের অধীনে আসে।
পিৎজা হাট বিক্রি করে দেয়ার পর ইয়াম! ব্র্যান্ডস এখন অন্য দুটি জনপ্রিয় চেইন কেএফসি ও ট্যাকো বেলের ওপর বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছে।


