ঢাকার যানজট বাড়াচ্ছে পুরনো গাড়ি
মে ৮, ২০২৬
শ্রীলংকা ও নেপালের তুলনায় বাংলাদেশের অভ্যুত্থান যেখানে ভিন্ন
মে ৮, ২০২৬
ঢাকার যানজট বাড়াচ্ছে পুরনো গাড়ি
মে ৮, ২০২৬
শ্রীলংকা ও নেপালের তুলনায় বাংলাদেশের অভ্যুত্থান যেখানে ভিন্ন
মে ৮, ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার (জুতা) সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘‌সরকার প্রাথমিকভাবে একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর সব শিক্ষার্থীর মধ্যে মানসম্মত জুতা বিতরণ করা হবে। এ প্রক্রিয়ায় প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে। ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সরকারকে অনুদান দেয়ার আশ্বাস দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চাই উদ্যোগটি শুধু একটি বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সমন্বয় থাকা অত্যন্ত জরুরি এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার গুণগত মানে বড় ধরনের বৈষম্য থাকলে সেটি শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি করতে পারে।’ তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংশ্লিষ্ট টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি সহযোগী প্রতিটি কোম্পানির একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির মূল কাজ হবে জুতার ডিজাইন, কোয়ালিটি চেকিং ও আন্তর্জাতিক মান অনুযায়ী সার্টিফিকেশন নিশ্চিত করা। যেহেতু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে পণ্যগুলো উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *