
সুপ্রিম কোর্টে সপ্তাহে দুদিন ভার্চুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত
মে ৪, ২০২৬
জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য
মে ৪, ২০২৬সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা।
গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ আটজন নিহত হন। নিহতরা নির্মাণ শ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের উদ্দেশে যাচ্ছিলেন।
নিহতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের আব্দুল গফফারের দুই ছেলে আজির উদ্দিন ও আমির উদ্দিন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী, একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মুন্নি, দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল, ধরমপাশা উপজেলার সাবিরা গ্রামের ইদ্রিসের স্ত্রী নার্গিস, সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল আমীন ও কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কুঠির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস।
দুর্ঘটনায় আহত হবিগঞ্জের চুনারুঘাটের আলমগীর জানান, তারা লালাবাজারে একটি ভবনের ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। একই পিকআপ ভ্যানে ২০-২২ জন শ্রমিক ছিলেন। তেতলি এলাকায় সুনামগঞ্জ বাইপাসের আগে বিপরীত থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাক সরাসরি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এরপর তারা আর কিছু বলতে পারেননি। জ্ঞান ফেরার পর দেখতে পান কেউ হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত, কেউ ঘটনাস্থলেই মারা গেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচলাক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘ট্রাকের চালক কাঁঠাল নিয়ে সারা রাত গাড়ি চালিয়ে এসেছেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যান।’
খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। গতকাল দুপুরে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ও আহতদের স্বজনরা মর্গের সামনে ভিড় করেছেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কে গাড়ি চালাচ্ছিলেন এমন কিছু পুলিশের জানা নেই। ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত করা হবে। আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।


