শান্তি আলোচনা অনিশ্চিত, আবারো বাড়ল জ্বালানি তেলের দাম
এপ্রিল ২১, ২০২৬
বড় জয়ে সমতায় বাংলাদেশ সিরিজের মীমাংসা চট্টগ্রামে
এপ্রিল ২১, ২০২৬
শান্তি আলোচনা অনিশ্চিত, আবারো বাড়ল জ্বালানি তেলের দাম
এপ্রিল ২১, ২০২৬
বড় জয়ে সমতায় বাংলাদেশ সিরিজের মীমাংসা চট্টগ্রামে
এপ্রিল ২১, ২০২৬

সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে মনোনয়ন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নামঘোষণা করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মোসাম্মৎ শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।

এছাড়া আরো আছেন মোসা. ফরিদা ইয়াসমিন, নিলুফার চৌধুরী মনি, জীবা আমিন খান, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

আলোচনায় থাকলেও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ জায়গা পাননি মনোনীতদের তালিকায়।

এদিকে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীরা আজ সকাল ১০টায় নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দেবেন।

গত ১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আজকের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোটগ্রহণের তারিখ রাখা হয়েছে।

নিয়ম হলো সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে ভোটের প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

জানা যায়, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে দশজন আগে বিভিন্ন সময়ের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ছিলেন। তারা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আরলী, নিলুফার চৌধুরী মনি ও সুলতানা আহমেদ।

একজন নারী হিসেবে নারীদের উন্নয়ন, বিশেষ করে নারী স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করতে চান সংরক্ষিত আসনে মনোনীত সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি জানান, একজন কর্মজীবী নারীকে পরিবার, সন্তান ও পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে হয়, যার ফলে অনেক সময় তারা পিছিয়ে পড়েন। এ বাস্তবতায় নারীদের পক্ষে শক্তভাবে কথা বলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। তিনি নারীদের সেই কণ্ঠস্বর হতে চান। নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‌সমাজ ও পরিবার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নারীরা নানা বাধার মুখোমুখি হন। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে যেন নারীরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সে বিষয়ে তিনি কাজ করতে চান।’

সানসিলা জেবরিন নিজের নির্বাচনী এলাকা শেরপুর সদরের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত সানসিলা জেবরিন জানান, শেরপুর সদর একটি অবহেলিত ও উন্নয়নবঞ্চিত এলাকা। তাই এখানকার হাসপাতাল, রেললাইন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সড়ক অবকাঠামোর উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, নির্বাচনে পাওয়া ৭৮ হাজার ভোট ছিল মানুষের ভালোবাসার প্রতিফলন। নানা প্রতিবন্ধকতা ও ভয়ভীতি উপেক্ষা করে মানুষ তাকে ভোট দিয়েছেন। সেই জনগণের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী নিলুফার চৌধুরী মনি। তিনি বণিক বার্তাকে বলেন, তাদের জন্য বিদ্যমান বিভিন্ন আইনের অসামঞ্জস্য দূর করে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে নারীরাই বেশি ভুক্তভোগী। তাই নারীদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাকেও অগ্রাধিকার দিতে চাই।’ এছাড়া অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *