সমুদ্রসৈকত থেকে সরানো হলো প্লাস্টিক দানব
এপ্রিল ২১, ২০২৬
সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে মনোনয়ন বিএনপির
এপ্রিল ২১, ২০২৬
সমুদ্রসৈকত থেকে সরানো হলো প্লাস্টিক দানব
এপ্রিল ২১, ২০২৬
সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে মনোনয়ন বিএনপির
এপ্রিল ২১, ২০২৬

শান্তি আলোচনা অনিশ্চিত, আবারো বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আছে আর মাত্র একদিন। এরপর দেশ দুটোর মধ্যে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অনিশ্চিত হয়ে পড়েছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনাও। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের কার্গো জাহাজ জব্দের ঘটনায় দেশ দুটোর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে শান্তি আলোচনা তাদের পরিকল্পনায় নেই। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন আলোচক দলের গতকাল রাতেই ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে। একই সঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, ‘আজই (গতকাল) ইরানের সঙ্গে চুক্তি সই হবে।’ তবে ট্রাম্প ঠিক কোন চুক্তির কথা বলছেন তা অস্পষ্ট। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কোনো দিনক্ষণই নির্ধারিত নেই। তেহরান এখনো এতে অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেনি।

এ পরিস্থিতিতে গতকাল আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৬ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে ওঠে।

রোববার ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এ ঘটনার পাল্টা জবাব ও বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এ মুহূর্তে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ যুক্তরাষ্ট্র নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘এ শিক্ষা না নেয়ায় কখনই ভালো ফল আসবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, তবে আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘আজই (গতকাল) পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল এরই মধ্যে ইসলামাবাদের পথে রয়েছে।’

নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প আরো বলেন, ‘জেডি ভ্যান্স, উইটকফ, কুশনার ও মার্কিন আলোচক দলের সদস্যরা পাকিস্তানের উদ্দেশে যাত্রা করছেন। তারা কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে পৌঁছবেন।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের মালিকানা ত্যাগ করতে হবে, পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষাও ত্যাগ করতে হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না। পিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে প্রচুর বোমা পড়তে শুরু করবে।’

তবে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে থাকলেও ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। গতকাল রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। তারা ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনা ও চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তবে ইরান পাকিস্তানে প্রতিনিধি দল না পাঠানোর ব্যাপারে অনড় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *