খুচরা বাজারে মোটা চাল কেজিতে বেড়েছে ৫ টাকা
এপ্রিল ১৮, ২০২৬
পাকিস্তান টেস্ট দলে চার নতুন মুখ, হেড কোচ সরফরাজ আহমেদ
এপ্রিল ১৮, ২০২৬
খুচরা বাজারে মোটা চাল কেজিতে বেড়েছে ৫ টাকা
এপ্রিল ১৮, ২০২৬
পাকিস্তান টেস্ট দলে চার নতুন মুখ, হেড কোচ সরফরাজ আহমেদ
এপ্রিল ১৮, ২০২৬

মিরপুরের স্লো উইকেটে প্রথম ওয়ানডেতে হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে ভালোই লড়াই হলো এবং শেষ হাসিটা হেসেছেন কিউইরা।

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ২২১ রানে। বোলাররা ভিত গড়ে দিলেও ব্যর্থ স্বাগতিক ব্যাটাররা। ২৬ রানের এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল সফরকারীরা। সোমবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল সিরিজের মীমাংসা।

মার্চে দারুণ স্পোর্টিং উইকেটে খেলে পাকিস্তানকে ২-১-এ সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ। এবার নিউজিল্যান্ড সিরিজে স্লো উইকেট তৈরি করে প্রথম ম্যাচেই হোঁচট খেল মেহেদী হাসান মিরাজের দল। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালেরও সূচনা হলো ‘হার’ দিয়ে।

সবার চোখেই ‘অদ্ভুত’ উইকেটের পিচে বল পড়েই ব্যাটারের হাঁটুর নিচে নেমেছে ইনিংসের শুরু থেকে। এরপর বাংলাদেশের ইনিংসের সময় তা যেন আরো নিচে ও স্লো হতে থাকে। এমন উইকেটে পেস বোলার ব্লেয়ার টিকনার (৪/৪০) ও নাথান স্মিথ (৩/৪৫) এবং স্পিনার জেইডেন লিনক্স (২/৩২) ও ডিন ফক্সক্রফট (১/২৫) বাংলাদেশ ব্যাটারদের বেশ ভুগিয়েছেন। তাদের সাঁড়াশি আক্রমণে জুটি গড়া হয়নি স্বাগতিকদের। তাতেই খর্বশক্তির ও অখ্যাত ক্রিকেটারদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

বেশ কিছুদিন ধরেই ওয়ানডেতে ফর্মহীন সাইফ হাসান ৭৬ বলে ৫৭, তাওহীদ হৃদয় ৬০ বলে ৫৫ ও লিটন দাস ৬৮ বলে ৪৬ রান করেও বাংলাদেশের হার এড়াতে পারেননি।

ম্যাচ শেষে আলোচনায় উইকেট। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে ওপেনার সাইফ হাসান বললেন, ‘আমার মনে হয় উইকেট প্রথম থেকেই একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন যদি আমি আরেকটু টেনে নিতে পারতাম। থিতু ব্যাটসম্যানের জন্য একটু সহজ ছিল। নতুন ব্যাটসম্যানের জন্য একটু কঠিন ছিল। কাজেই আমার মনে হয়, আমি যদি আরেকটু এগোতে পারতাম, আরেকটু সহজ হতো।’

অবশ্য উইকেটকে পরাজয়ের অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না সাইফ। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের উইকেট তো আপনারা দেখেছেন “‍ট্রু” উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন কোনো একদম খারাপ ছিল না। তবে আমার মনে হয় আমরা মানিয়ে নিয়ে একটু ভালোমতো (ব্যাটিং) করতে পারতাম। চ্যালেঞ্জিং ছিল, তবে আমার মনে হয় এটা অজুহাত দেয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছি জাতীয় দলে। এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, তবে দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা করতে পারি নাই।’

কিউইদের উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। ম্যাচসেরা ডিন ফক্সক্রফট বলেন, ‘আমার মনে হয় উইকেটের আচরণ দারুণ ছিল। উইকেটের আচরণ নিয়ে অতীতে সবসময়ই মিশ্র বার্তা পেয়েছি। এবার অনুশীলনের উইকেটগুলোরও কৃতিত্ব দিতে হবে। অনুশীলনের উইকেটগুলো খুব ভালো ছিল এবং আজকের উইকেটের মতোই ছিল। আমাদের কাজ ছিল, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া এবং এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; শরিফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০)।

বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২১/১০ (সাইফ ৫৭, তাওহীদ ৫৫, লিটন ৪৬; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫)। ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: ডিন ফক্সক্রফট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *