কৃষিতে সৌরবিদ্যুৎ নড়াইলে সেচ পাম্পে প্রতিদিন উত্তোলন ১২ লাখ লিটার পানি
এপ্রিল ১২, ২০২৬
মুখোমুখি আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান আশা জাগালেও ফলাফল অনিশ্চিত
এপ্রিল ১২, ২০২৬
কৃষিতে সৌরবিদ্যুৎ নড়াইলে সেচ পাম্পে প্রতিদিন উত্তোলন ১২ লাখ লিটার পানি
এপ্রিল ১২, ২০২৬
মুখোমুখি আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান আশা জাগালেও ফলাফল অনিশ্চিত
এপ্রিল ১২, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচজন।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে কুড়িগ্রামে দুজন, বগুড়া, মিরসরাই, কিশোরগঞ্জ, মেহেরপুর ও দিনাজপুরের হিলিতে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

কুড়িগ্রাম: উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় গতকাল অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক নুর আমিন (৪০) ও যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)। নুর আমিন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। অসিত কুমার সরকার কুড়িগ্রাম সদরের সবুজপাড়া গ্রামের মৃত অনিল কুমার সরকারের ছেলে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে একই স্থানে চার গাড়ির সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আশরাফুল মাহমুদ (১৭)। আশরাফুল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সোহাগ (২০) মো. রাশেদ (৩২) ও নূরুল আমিনসহ (৩২) আরো তিনজন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ: বাজিতপুর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পাতুলি ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত আপন মিয়া (৩৫) বাজিতপুরের শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ওসি এসএম শহিদুল্লাহ জানান, ফেরিতে ওঠার সময় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। ফেরিতে থাকা আপন ট্রাকচাপায় নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ও মরদেহের ময়নাতদন্ত প্রস্তুত করা হচ্ছে।

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাসের সঙ্গে শসা বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নাসিম উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোতে থাকা অন্তত ১০ যাত্রী। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বগুড়া: শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গতকাল তমা (৮) নামের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

মেহেরপুর: দুই মোটরসাইকেল ও ইট বহনকারী একটি ট্রাকের মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (১৫) সদর উপজেলার সিঙাটি গ্রামের তোহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারাদী থেকে মোটরসাইকেলে করে আরাফাত ও তার এক সহযাত্রী দ্রুতগতিতে চাঁদপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইন্দ্রজিৎ ও সাজু বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসছিলেন। চাঁদপুর এলাকায় পৌঁছাল দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ইটবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সংঘর্ষে আরাফাত ছিটকে সড়কে পড়ে যায় এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *