বরিশাল বিভাগে পাউবোর বেশির ভাগ সেচ পাম্পই অকেজো
মার্চ ১৯, ২০২৬
ইরানে সর্বনিম্ন মজুরি ৬০ শতাংশ বৃদ্ধি, যুদ্ধ ও রেকর্ড মূল্যস্ফীতির কবলে জনজীবন
মার্চ ১৯, ২০২৬
বরিশাল বিভাগে পাউবোর বেশির ভাগ সেচ পাম্পই অকেজো
মার্চ ১৯, ২০২৬
ইরানে সর্বনিম্ন মজুরি ৬০ শতাংশ বৃদ্ধি, যুদ্ধ ও রেকর্ড মূল্যস্ফীতির কবলে জনজীবন
মার্চ ১৯, ২০২৬

সাপ্তাহিক পুঁজিবাজার ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে পৌনে ১ শতাংশ

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে।

আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লুচিপ সূচক ডিএস ৩০ পৌনে এক শতাংশ পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৭ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৩৬৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৬ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৯ পয়েন্ট।

ডিএসইতে চলতি সপ্তাহে ঈদুল ফিতরের ছুটির কারণে মাত্র দুইদিন লেনদেন হয়েছে। এর মধ্যে প্রথম দিন রোববার পুঁজিবাজারে নিম্নমুখিতা দেখা গেলেও এর পরদিন সোববার বাজার ইতিবাচক ছিল। এ সময়ে এক্সচেঞ্জটিতে প্রতিদিন গড়ে ৪০২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫৩১ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে চলতি সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ১০ দশমিক ৭২ শতাংশ। প্রকৌশল খাত ৯ দশমিক শূন্য ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

ডিএসইতে চলতি সপ্তাহে অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড, জীবন বীমা, ব্যাংক, সাধারণ বীমা ও পাট খাতে। অন্যদিকে ইতিবাচক রিটার্নের শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি, সেবা ও আবাসন, বস্ত্র, চামড়া ও সিমেন্ট খাত।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৯৮০ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ৯ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১৬০ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৪০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৬৬ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২১৪‌টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৩টির ও দর অপরিবর্তিত ছিল ২৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *