
চাহিদার তুলনায় বরাদ্দ সীমিত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৩০ ধরনের ওষুধ সংকট
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
এ বছরের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬বাংলাদেশে আরো বেশি হারে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমরা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।’
চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং এ দেশে তারা অনেক বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরো বাড়ানো হবে।’
চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কাজ করছেন। উন্নয়ন ও নিরাপত্তা পারস্পরিক সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপের আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ‘জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।’
সাক্ষাতে চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং জিয়াওহংয়ের পক্ষে সালাহউদ্দিন আহমদের নিয়োগের জন্য অভিনন্দনবার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মপদ্ধতি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে।
সালাহউদ্দিন আহমদ আইন প্রয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো উন্নত করতে এবং বাংলাদেশে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে নিজের প্রস্তুতির কথা জানান।
উল্লেখ্য, একই দিন পৃথক সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


