
বিএনপি পেয়েছে ৪৯.৯৭% ভোট, জামায়াত ৩১.৭৬ শতাংশ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আরো চারজন মারা গেছেন।
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আরো চারজন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: দাউদকান্দি থানার ওসি ইকবাল বাহার জানান, গতকাল বিকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ‘ইকোনো’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিংলাতলি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ফারুক ও বাসের যাত্রী মিজানুর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরো অন্তত পাঁচজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। জেলার শেরপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, জেলার চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় ফায়ার ফাইটার আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তিনি একটি ট্রাক থামান। পেছন থেকে একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলির চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আঁখি খাতুন জেলা সদরে অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারীর অংশীদার ফারুক হোসেনের স্ত্রী।
গতকাল সকালে পৌর এলাকার বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনায় নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঘণ্টাব্যাপী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে আঁখি খাতুন (৩০) তার মাদ্রাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের এক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর: চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজি অটোরিকশাচালক বশির (৪০) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


