ভোট সুষ্ঠু হলে গণতন্ত্রের পথে ফেরা সম্ভব —মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১১, ২০২৬
প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ ও সমন্বিত টিকিটিংয়ে ‘দ্রুত টিকেট’ চালু
ফেব্রুয়ারি ১১, ২০২৬
ভোট সুষ্ঠু হলে গণতন্ত্রের পথে ফেরা সম্ভব —মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১১, ২০২৬
প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ ও সমন্বিত টিকিটিংয়ে ‘দ্রুত টিকেট’ চালু
ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুর্নীতির ধারণা সূচক প্রকাশ টিআইবির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন।

এ সূচক অনুযায়ী, ১৮২টি দেশের মধ্যে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোরের (৪২) চেয়ে অনেক নিচে। গত বছরের চেয়ে এবার বাংলাদেশের ১ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে সামগ্রিক র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে। ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার কারণ হলো জুলাই গণ-অভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন। তবে সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতিসহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনতি হয়েছে।’

দুর্নীতি কমাতে না পারায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘আমাদের এ সরকারের কাছে এমন কোনো প্রত্যাশা ছিল না যে তারা একেবারে দুর্নীতিমুক্ত দেশ গড়বে, একেবারে একটা স্বর্গরাজ্য গড়বে। কিন্তু একটা ভিত্তি স্থাপন করার, একটা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ ছিল তাদের। দায়িত্ব ছিল এটা‌। সেখানে আসলে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে ৮৯ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। আর ৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ৮৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর।

এ তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় যৌথভাবে শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। দেশ দুটির স্কোর ৯। এছাড়া ১০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভেনিজুয়েলা আর ১৩ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে আছে ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া।

২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। দেশটির স্কোর ১৬। অন্যদিকে এ অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এগিয়ে আছে ভুটান। ১০০-এর স্কেলে ভুটানের স্কোর ৭১। অন্যান্য দেশের মধ্যে ভারত ও মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলংকার ৩৫, নেপালের ৩৪ ও পাকিস্তানের ২৮।

সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতি অনুসারে স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *