চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক শ্রমিক-কর্মচারীদের
ফেব্রুয়ারি ৩, ২০২৬
খুলনায় জনসভায় তারেক রহমান যারা নারীদের সম্মান দিতে পারে না তাদের কাছে মানুষ নিরাপদ নয়
ফেব্রুয়ারি ৩, ২০২৬
চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক শ্রমিক-কর্মচারীদের
ফেব্রুয়ারি ৩, ২০২৬
খুলনায় জনসভায় তারেক রহমান যারা নারীদের সম্মান দিতে পারে না তাদের কাছে মানুষ নিরাপদ নয়
ফেব্রুয়ারি ৩, ২০২৬

দুদিনে ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠপর্যায়ে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে সংস্থাটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠপর্যায়ে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে সংস্থাটি। গত দুদিনে দেশের মোট ২১ জেলায় ব্যালট পাঠিয়েছে কমিশন।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত রোববার প্রথম দফায় ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। এরপর আরো আট জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে।’

ইসির এ কর্মকর্তা আরো জানান, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ নির্বাচনের বিভিন্ন সামগ্রী পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনসামগ্রী সংরক্ষিত থাকবে; ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।

রোববার মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা।

আর গতকাল দ্বিতীয় দফায় আরো আটটি জেলায় ব্যালট পাঠানো হয়েছে। জেলাগুলো হলো হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।

কমিশন জানিয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এ বিপুলসংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনও শুরু হয়েছে। আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *