ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন
ডিসেম্বর ২০, ২০২৫
সন্ত্রাস-সহিংসতার আহ্বান সংবলিত পোস্টের ব্যাপারে অভিযোগ করার আহ্বান
ডিসেম্বর ২০, ২০২৫
ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন
ডিসেম্বর ২০, ২০২৫
সন্ত্রাস-সহিংসতার আহ্বান সংবলিত পোস্টের ব্যাপারে অভিযোগ করার আহ্বান
ডিসেম্বর ২০, ২০২৫

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা লুটপাট অগ্নিসংযোগ জড়িতদের শনাক্তে আলামত সংগ্রহ করেছে সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছেন একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছেন একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। এরই মধ্যে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্টিল ছবি সংগ্রহ করা হচ্ছে। সেখান থেকে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, হাদির মৃত্যুর খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টার পর থেকে খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে আবারো অগ্নিসংযোগ ও ভাংচুর, ছায়ানটের কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ, ইন্দিরা গান্ধী কালচালার সেন্টারে ভাংচুর, অগ্নিসংযোগ, উত্তরায় ৩২টি দোকান ভাংচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, রাজশাহী ও কুষ্টিয়ায় ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয় ভাংচুর, চট্টগ্রামে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নিসংযোগ-ভাংচুর, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ ও দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটও চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে এসব চিত্র উঠে আসে। বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক সমালোচিত হয়। এর পরই নড়েচড়ে বসে সরকারের নীতিনির্ধারকরা। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেয়া হয়। বিভিন্ন ঘটনাস্থলে পাঠানো হয় সিআইডির ফরেনসিক বিভাগকে। এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।

তদন্তসংশ্লিষ্টদের মতে, হামলাকারীদের বেশির ভাগই আগেও বিভিন্ন ধরনের মব সৃষ্টিতে দেখা গেছে। ধানমন্ডির ৩২ নম্বর ভাঙার সময়ও তাদের চেহারা ছিল। এ ঘটনার পর বিএনপি, এনসিপি, জামায়াত ও ইনকিলাব মঞ্চ এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুতই তা পরিহারের আহ্বান জানিয়েছেন। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। যাদের বিভিন্ন সময় কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখা গেছে। ঘুরে-ফিরে এরাই বিভিন্ন স্থানে ভাংচুর ও হামলা চালাচ্ছে। এখন সরকার চাইলে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিকাণ্ডের পর থেকেই রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, ফার্মগেট এলাকায় ডেইলি স্টার, কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ধানমন্ডি এলাকায় ছায়ানট ভবনে বৃহস্পতিবার রাতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নগরীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছায়ানট ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেলেও ধানমন্ডি ৩২ নম্বর কিংবা শাহবাগ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি।

ছায়ানটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, ‘সকাল থেকে আমরা এখানে দায়িত্বে আছি। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি।’

দুপুরে প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে ঘুরে দেখেন৷ ও দায়িত্বরত অফিসারের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *