
রাঙ্গামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার
নভেম্বর ২১, ২০২৫
মিরপুর টেস্ট মুশফিকের কীর্তির দিনে লিটনেরও সেঞ্চুরি
নভেম্বর ২১, ২০২৫চট্টগ্রাম নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দেশের আরো নয় স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে রাজধানীর ডেমরা, নীলফামারী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, ঝিনাইদহ, বান্দরবান, পাবনা ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে গেছে। এ সময় গাড়ির নিচে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতিতে প্রাইভেট কারটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বন্দর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নগরীর পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পকেটে আইডি কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রাম বন্দরে চাকরি করেন।
অন্যদিকে রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম রাঙ্গামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষা দেয়ার জন্য তিনি রাঙ্গামাটি যাচ্ছিলেন। তিনি পটিয়ায় একটি এনজিওতে চাকরি করতেন।
ঢাকা: রাজধানীর ডেমরায় রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় আব্দুর রশিদ (৭৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ডেমরার ডগাইর পশ্চিমপাড়া মসজিদ-ই-নুর রোডের একটি বাসায় বাস করতেন।
নীলফামারী: ট্রাকচাপায় মার্জিয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে। গতকাল দুপুরে নীলফামারী সদর উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। সে শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন।
ময়মনসিংহ: ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেবকাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া (৪০) ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম (৩৮) উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঝিনাইদহ: ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
বান্দরবান: জেলার লামায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে চিরিঙ্গা-লামা-আলীকদম সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার বাসিন্দা।
পাবনা: ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার রাতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া এলাকায় এবং দাশুড়িয়া ইউনিয়নের শামিলপুর জমসেদ মার্কেটের কাছে এসব দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতদের মধ্যে মোঙলা মণ্ডল (৫৫) রিকশাচালক। অন্যজন পথচারী মুজাহার প্রামাণিক (৭০)। মোঙলা মণ্ডল ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম মণ্ডলের ছেলে এবং মুজাহার প্রামাণিক উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন শামিলপুর গ্রামের মৃত মহিন প্রামাণিকের ছেলে।
গোপালগঞ্জ: গাড়িচাপায় কনক লতা মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। কনক লতা গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের বাসিন্দা।


