
যমুনা নামে নতুন উপজেলার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
নভেম্বর ২১, ২০২৫
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে প্রাণহানি
নভেম্বর ২১, ২০২৫রাঙ্গামাটিতে আন্দোলনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত করা হয়েছে।
রাঙ্গামাটিতে আন্দোলনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত করা হয়েছে। হরতাল কর্মসূচির প্রভাবে ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়’ পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর রাঙ্গামাটিতে চলমান ৩৬ ঘণ্টার হরতালও প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘কোটা বৈষম্যের’ অভিযোগ এনে গতকাল ভোর ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
হরতালের প্রভাবে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানের সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচলও ছিল বন্ধ। তবে শহরে সীমিত পরিসরে কিছুসংখ্যক মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও অন্যান্য দিনের তুলনায় বেশি লক্ষ করা গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে হরতাল পালনকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ। হরতালের প্রভাবে ভোগান্তিতে পড়ে শহরের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। তার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে। আজ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রায় সাত হাজার প্রার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
হরতালের প্রথম দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগে কয়েক দফা স্থগিত হয়েছে। সর্বশেষ আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরীক্ষা স্থগিতের ঘোষণার পর হরতাল কর্মসূচির প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। শহরের প্রাণকেন্দ্র বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক ব্রিফিংয়ে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের মুখপাত্র মো. নূরুল আলম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।’


