
কুমিল্লায় আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে বিএনপি
নভেম্বর ১, ২০২৫
সিম ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম অর্ধকোটি সিম বন্ধ হচ্ছে আজ
নভেম্বর ১, ২০২৫বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব জানান, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে তার সঙ্গে বিএনপির স্বাক্ষর করা সনদের অনেক পার্থক্য। বিশেষ করে তারা যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছিলেন, সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয়, তেমনটা বলেছিলেন। এ ব্যাপারে কমিশনের ওপর আস্থা-বিশ্বাস রেখেছিলেন। কিন্তু সেই আস্থা-বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যেটা তাদের কাছ থেকে আশা করেননি।
ফখরুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই। কয়েকটি দল এটি নিয়ে জনগণকে “বিভ্রান্ত” করছে।’
বিএনপিকে সংস্কারের বিপক্ষের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই। গণভোট নির্বাচনের দিনই হবে, সে কথা তারা পরিষ্কার করে বলেছেন। সেখানে দুটো ব্যালট থাকবে—একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।’
কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে, দয়া করে তারা যেন জনগণকে আর বিভ্রান্ত না করে। এ দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেটার যেন বিরোধিতা তারা না করে।’
সভায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের রাজনৈতিক অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে দেশ যখন একদলীয় শাসন ব্যবস্থার জাঁতাকলে, তখন আ স ম আব্দুর রবের মতো রাজনীতিবিদরা দেশকে উদ্ধার করেছিল।’ তিনি আ স ম আব্দুর রবের দ্রুত সুস্থতা কামনা করেন। আগামীতে নির্বাচিত হলে বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানান বিএনপি মহাসচিব।
শারীরিক অসুস্থতার জন্য জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হতে পারেননি বলে জানান দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তবে তিনি উল্লেখ করেন, এ প্রবীণ নেতা সব অতিথিকে শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। তিনি বলেন, ‘জেএসডি গঠন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আজও দলটি সেই অবস্থানে আছে।’
সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির স্থায়ী কমিটির সদস্য তৌহিদ হোসেন, জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম শামসুল আলম নিক্সন প্রমুখ।


