
সূচক কমেছে আড়াই শতাংশের বেশি সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন
সেপ্টেম্বর ১২, ২০২৬
আইএমএফের প্রতিবেদন চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৩ শতাংশ
সেপ্টেম্বর ১২, ২০২৬নতুন এ নিয়ম চালু হলে চাকরি শেষ হওয়ার পর পরই সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাধারী কর্মীরা চাকরি হারানোর পর নতুন কাজ খোঁজার জন্য ৬০ দিনের সময় বা ‘গ্রেস পিরিয়ড’ পেতেন। এ সুবিধা বাতিলের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এ নিয়ম চালু হলে চাকরি শেষ হওয়ার পর পরই সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। খবর রয়টার্স।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রস্তাবটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের দেশ ছাড়তে হবে। তবে কোনো মার্কিন প্রতিষ্ঠান পরে তাদের নিয়োগ দিতে চাইলে নতুন করে আবেদন করে ফিরিয়ে আনার সুযোগ থাকবে।
২০১৭ সাল থেকে এ ৬০ দিনের সুযোগ চালু হয়। চাকরি হারানো বিদেশী কর্মীরা এ সময়ের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে পারেন। একই সঙ্গে তারা বাড়ি বিক্রি, সন্তানদের স্কুল পরিবর্তনসহ পারিবারিক ও ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেয়ার সুযোগ পান।
আইন বিশেষজ্ঞ ও অভিবাসন অধিকারকর্মীরা এ প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস শাখার আইন বিভাগের অধ্যাপক গ্যাব্রিয়েল চিন বলেন, ‘বহু বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কর্মীদের এভাবে হুট করে বের করে দেয়া চরম অন্যায়।’
অভিবাসন আইনজীবীরা বলছেন, নতুন নিয়ম হলে বিদেশী কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে কোম্পানিগুলোকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন এফডব্লিউডি ডট ইউএসও প্রস্তাবটির সমালোচনা করেছে।
১৯৯০ সালে মার্কিন কংগ্রেসে এইচ-১বি ভিসা ব্যবস্থা অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এ ভিসা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত ও চীন থেকে দক্ষ কর্মী নিয়োগে এ ভিসা ব্যবহার করে অনেক মার্কিন প্রতিষ্ঠান। ডেলয়েট, পিডব্লিউসি ও আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের মতো পরামর্শক প্রতিষ্ঠান এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, এইচসিএলটেক ও এলটিআইমাইন্ডট্রি বড় এইচ-১বি ভিসা স্পন্সর। এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, এল-১, ও-১ ও টিএন ভিসাধারীরা নতুন নিয়মের আওতায় পড়বেন। সিঙ্গাপুর ও চিলির এইচ-১বি১ এবং অস্ট্রেলিয়ার ই-৩ ভিসাধারীরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন। প্রস্তাবটি চূড়ান্ত করার আগে দুই মাস জনমত নেয়া হবে।


