
নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস
আগস্ট ২০, ২০২৬
ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু
আগস্ট ২০, ২০২৬মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর শূন্য হয়েছে বিএনপি মহাসচিবের পদ। আজ রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ঘোষণা করা হতে পারে বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ছাড়াও আলোচনায় আছেন স্থায়ী কমিটির আরো দুই সদস্য। তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। যদিও ভারপ্রাপ্ত নয় বরং জাতীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে তাদের যেকোনো একজনের থাকার কথা আলোচনায় আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বণিক বার্তাকে বলেন, ‘দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দল যে সিদ্ধান্ত নেবে সেটিই গ্রহণ করব।’
এর আগে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে গত ১৩ আগস্ট জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, আজ ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন সেই ঘোষণা আসবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ছাত্রজীবনে রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে দায়িত্ব পান প্রচার সম্পাদকের। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির ষষ্ঠ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।


