হাম ও হামের উপসর্গে ৯২২ শিশুর মৃত্যু
আগস্ট ২০, ২০২৬
ডপলার অপিনিয়ন রিসার্চের জরিপ সরকারের প্রতি সন্তুষ্ট ৫৪ শতাংশ প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ
আগস্ট ২০, ২০২৬
হাম ও হামের উপসর্গে ৯২২ শিশুর মৃত্যু
আগস্ট ২০, ২০২৬
ডপলার অপিনিয়ন রিসার্চের জরিপ সরকারের প্রতি সন্তুষ্ট ৫৪ শতাংশ প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ
আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আজ, শপথ আগামীকাল

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল রাতে বঙ্গভবনে আয়োজন করা হবে।

গতকাল বিকালে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে একথা জানান।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ। এ নির্বাচনের ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

চিফ হুইপ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর আমরা বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেব। বেলা ২টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা এবং আমাদের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট প্রদান সরাসরি সম্প্রচার করা হবে।’

তিনি আরো জানান, তাদের ভোট দেয়া শেষ হলে পরের পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হওয়ার ৫ মিনিট আগে আমরা আবারো লাইভ টেলিকাস্ট শুরু করব। এরপর ফলাফল ঘোষণাটিও সরাসরি দেখাব। আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।

এর আগে গতকাল জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভার কার্যক্রম শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

সভায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দিতে দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল ইসলাম বিএনপির জন্য তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তিনি দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং আগামীকালের রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্বাচিত হলে সম্ভাব্য বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, তিনি তার সহকর্মীদের মিস করবেন এবং তাদের কাছে দোয়া চান।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত রকম প্রস্তুতি প্রয়োজন তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। এ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।’

তিনি বলেন, ‘কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো সংখ্যাগুলো সব বিস্তারিত আমি ঘোষণা করব। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করে দেব। এরপর গেজেট প্রকাশ করব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *