
আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
আগস্ট ৬, ২০২৬
স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিষিদ্ধ হচ্ছে অতিরিক্ত ক্ষতিকারক কীটনাশক
আগস্ট ৬, ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে।’ গতকাল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী এ কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘দেশের মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে চায়। আমরা বিশ্বাস করি, এ গণ-অভ্যুত্থান একটি মৌলিক পরিবর্তনের সূচনা করেছে।’
এ সময় তিনি এ গণ-অভ্যুত্থান একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করেছে বলেও মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কেবল গণ-আন্দোলন ছিল না; এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করেছে। জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি নিরলসভাবে দিকনির্দেশনা দিয়েছেন।’
গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলেই এ গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’
জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে আযম খান বলেন, ‘সংকীর্ণ ব্যক্তিস্বার্থে জাতিকে বিভক্ত করবেন না। দেশের মানুষ একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। কেউ যদি পতিত ফ্যাসিবাদী শাসনের মতো আচরণ করে, জনগণ তা মেনে নেবে না।’
তিনি আরো বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না।’
ইশরাক হোসেন আরো বলেন, ‘আন্দোলনের সময় সংঘটিত সব নৃশংসতার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না।’


