
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেই গণতন্ত্র টিকবে -মির্জা ফখরুল
আগস্ট ৩, ২০২৬
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টরকে প্রতিমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে
আগস্ট ৩, ২০২৬পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়।
বরং এ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।’ বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা মোকাবেলায় প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করতে হবে।’ জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নবীন পুলিশ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
এর আগে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ১৮ বছরের বঞ্চনার পর কর্মজীবনে যোগ দেয়া ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে এ কুচকাওয়াজের মাধ্যমে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ— দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। বেস্ট একাডেমিক পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবিএম মামুন।
সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারিক প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতার তথ্য পাওয়া যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উদ্ধার হওয়া ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।’ তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


