যানবাহনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় পুলিশের সতর্কতা
আগস্ট ২, ২০২৬
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রংপুর বিভাগে আক্রান্ত বেশি দিনাজপুরে
আগস্ট ২, ২০২৬
যানবাহনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় পুলিশের সতর্কতা
আগস্ট ২, ২০২৬
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রংপুর বিভাগে আক্রান্ত বেশি দিনাজপুরে
আগস্ট ২, ২০২৬

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

বগুড়া ও নেত্রকোনায় গতকাল পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

এর মধ্যে বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে।—

বগুড়া: কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক, হেলপার ও দুজন মাছ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মাছ বিক্রি করতে কয়েকজন ব্যবসায়ী পিকআপ ভ্যানে করে নওগাঁ যান। সেখান থেকে বগুড়া ফেরার পথে কাজিপাড়ায় এক যানবাহনকে ওভারটেক করতে যায় পিকআপটি। এ সময় বিপরীতমুখী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতদের মধ্যে কেবল ময়মনসিংহের মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের (৫০) পরিচয় মিলেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ ও হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে।

নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্বজনরা জানান, বাবার সঙ্গে দোকানে এসে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে মারিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। এ সময় তার বাবা রাস্তার দক্ষিণ পাশে শিশুটিকে রেখে উত্তর পাশের একটি দোকানে যান। একপর্যায়ে মারিয়া হঠাৎ রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *