
হামের উপসর্গে আরো চার শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৮৪
জুলাই ১৯, ২০২৬
এসএসসির ফল প্রকাশ হচ্ছে না আগামীকাল
জুলাই ১৯, ২০২৬
সড়কে শৃঙ্খলা আনতে চলতি বছরের মে মাসে ঢাকার বিভিন্ন মোড়ে এআই প্রযুক্তির পিটিজেড (প্যান টিল্ট জুম) ক্যামেরা স্থাপন করা হয়।
দ্রুত সময়ের মধ্যে রাজধানীর আরো ৫০টি স্পটে স্বয়ংক্রিয় এ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে গতকাল পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে গত বছরের আগস্টে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাহাঙ্গীর গেট মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ পরীক্ষামূলক সিগন্যাল ব্যবস্থার তদারক করে।
এছাড়া চলতি বছরের মে মাসে ঢাকার ৩০টি মোড়ে এআই প্রযুক্তির পিটিজেড ক্যামেরা স্থাপন করা হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধ শনাক্ত করে মামলা দেয়া শুরু হয়। সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ে গাড়ি উঠিয়ে দেয়া, স্টপ লাইন না মানা, বাঁ লেন বন্ধ করে রাখা, হেলমেট না পরা, যত্রতত্র গাড়ি থামিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ফুটপাতে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংকে অপরাধ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট গাড়ির মালিককে জরিমানা করা হচ্ছে এ ব্যবস্থায়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকালের বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান; ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


