
ফিরিয়ে আনা হয়েছে বৃষ্টিতে আটকা পড়া ১১০ পর্যটককে
জুলাই ৮, ২০২৬
টানা চতুর্থ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর
জুলাই ৮, ২০২৬দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন।
এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। গতকাল দিনাজপুর, জয়পুরহাট, খুলনা, কুমিল্লা ও মানিকগঞ্জে এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের খবর:
দিনাজপুর: বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে একটি মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন ফাহিমা আক্তার (২৮) ও তার তিন বছরের ছেলে মো. আব্দুল্লাহ। তারা ঠাকুরগাঁওয়ে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ফাহিমার স্বামী নাজমুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয়পুরহাট: জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল জয়পুরহাট-পাঁচবিবি সড়কের অবদা বনখুর এলাকায় একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত এক নারী (৪০) নিহত হন। একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালক সাজ্জাদ হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান।
খুলনা: হরিণটানা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইককে ধাক্কা দিলে এ ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক শেখ দিদারুল হক (৩০) ও যাত্রী তাপস হোর (৬০) নিহত হন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। বিপরীতদিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় পেছনে থাকা অপর একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার ইজিবাইকটিকে ধাক্কা দিলে ভেতরে থাকা দুই যাত্রী নিচে পড়ে যান। এ সময় পিকআপ ভ্যানে থাকা তেলের ড্রাম ইজিবাইকচালক দিদারুল হক ও যাত্রী তাপস হোরের মাথায় পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কুমিল্লা: মনোহরগঞ্জ উপজেলায় ১ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. মোস্তফা কামাল (৬২) নামের এক বাসযাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আরো ২০ বাসযাত্রী আহত হন। এর ঠিক ১ ঘণ্টা পর একই মহাসড়কে বাসচাপায় তাসলিমা আক্তার (৪৫) নামে এক নারী পথচারী নিহত হন।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের শিশুসন্তানসহ আরো পাঁচজন আহত হয়েছেন। গতকাল আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামনা রানী দাস সদর উপজেলার ভগবানপুর এলাকার সুফল চন্দ্র সূত্রধরের স্ত্রী। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক বিল্লালকেও আটক করা হয়েছে।


