
বুদিমিরের গোলে পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচাল ক্রোয়েশিয়া
জুন ২৪, ২০২৬
জোড়া গোলে রোনালদোর জবাব, উজবেকদের জালে পর্তুগালের গোলবন্যা
জুন ২৪, ২০২৬
বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও ঘানার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি ইংল্যান্ড।
বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ গোলশূন্যভাবে শেষ করেছে ইংল্যান্ড ও ঘানা। ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও শক্তিশালী প্রতিপক্ষকে শেষ পর্যন্ত আটকে রেখেছে ব্ল্যাক স্টাররা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের দখলে। একের পর এক আক্রমণও করতে থাকে টমাস টুখেলের দল। তবে ঘানা নিজেদের অর্ধে প্রায় পুরো দলকে নামিয়ে এনে রক্ষণ সামলাতে থাকে। তাদের দুই সারির রক্ষণব্যূহের সামনে একে একে ব্যর্থ হতে থাকে জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, মাদুয়েকে, ডেকলান রাইসদের আক্রমণ।
১২ মিনিটে ইংল্যান্ডের সামনে বড় সুযোগ আসে। কিন্তু রাইসের জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। পরে মাদুয়েকের ক্রস থেকে তার হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুপরই হ্যারি কেইনের একটি শট ঘানার ডিফেন্ডারদের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায়।
এদিকে মূলত রক্ষণাত্মক ফুটবল খেললেও মাঝে মধ্যেই পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে গেছে ব্ল্যাক স্টাররা। তবে প্রতিপক্ষের জন্য কোনো বিপদ তৈরি করতে পারেনি। শেষ হয় গোলশূন্য প্রথমার্ধ।
বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ঘানা। ৫০ মিনিটে সেনায়ার শটের সুযোগ স্পেন্সের গুরুত্বপূর্ণ ব্লকে নষ্ট হয়। বিপরীতে ৫৭ মিনিটে গর্ডনের শট আর ৬১ মিনিটে রাইসের ফ্রি-কিক থেকে এলিয়ট অ্যান্ডারসনের হেড- কোনটিই গোল এনে দিতে পারেনি।
বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও ঘানার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারছিল না ইংল্যান্ড। ৭০ মিনিটে মাদুয়েকের ক্রস থেকে সাকার হেডও একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৭৯ মিনিটে সেমেনিয়ো সুযোগ পেলেও অফসাইডের কারণে থেমে যায় সেই আক্রমণ।
শেষদিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৮৬ মিনিটে সাকার বাঁকানো শট সেভ করেন গোলরক্ষক লরেন্স আসারে। একই মিনিটে রিস জেমসের ক্রস থেকে নিকো ও’রাইলির হেড বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হ্যারি কেইন কাছ থেকে শট নিলেও বল বারের অনেক ওপর দিয়ে পাঠান।
এরপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে রাইসের কর্নার থেকে মার্ক গেহির হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ঘানার ডিফেন্ডার। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।


