
বিদ্যুৎ সংকটের তীব্রতা কমলেও ১ ঘণ্টা কম অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
জুন ২৪, ২০২৬
শেষ পর্যন্ত ইংল্যান্ডকে আটকে রাখল ঘানা
জুন ২৪, ২০২৬প্রথমার্ধে ক্রোয়েশিয়া প্রত্যাশামতো খেলতে পারেনি। বিরতির আগে মার্টিন বাতুরিনার শটই ছিল তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ, যা পানামার গোলরক্ষক অরলান্দো মস্কেরা দারুণভাবে ঠেকিয়ে দেন
বদলি হিসেবে নামা আন্তে বুদিমিরের করা একমাত্র গোলেই পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় আজ সকালের এ জয়ে গ্রুপ ‘এল’ থেকে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল দলটি।
দিনের অন্য ম্যাচে ইংল্যান্ড ও ঘানার গোলশূন্য ড্রয়ের পর ক্রোয়েশিয়ার জন্য জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল পানামাই। ক্রিস্টিয়ান মার্টিনেজ ও হোসে লুইস রদ্রিগেস কয়েকবার ক্রোয়েশিয়ার রক্ষণ ভাগে চাপ সৃষ্টি করেন। যদিও গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ দলকে বিপদমুক্ত রাখেন।
প্রথমার্ধে ক্রোয়েশিয়া প্রত্যাশামতো খেলতে পারেনি। বিরতির আগে মার্টিন বাতুরিনার শটই ছিল তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ, যা পানামার গোলরক্ষক অরলান্দো মস্কেরা দারুণভাবে ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ জ্লাতকো দালিচ মাঠে নামান আন্দ্রেই ক্রামারিচ ও আন্তে বুদিমিরকে। এই পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫৪তম মিনিটে যোসিপ স্তানিসিচের ক্রস থেকে বল জালে পাঠিয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন বুদিমির।
গোল হজমের পর পানামা সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায়। আমির মুরিয়ো ও কার্লোস হার্ভের সুযোগগুলোও লিভাকোভিচের দৃঢ়তায় ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ক্রোয়েশিয়া।
এ গোলের মাধ্যমে ৩৪ বছর ৩৩৬ দিন বয়সে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছেন বুদিমির। অন্যদিকে অধিনায়ক লুকা মদ্রিচ খেলেছেন জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ।
ম্যাচের পরিসংখ্যানেও ক্রোয়েশিয়ার সামান্য আধিপত্য দেখা যায়। তারা ৬টি শট থেকে ১ দশমিক ৬৬ এক্সপেক্টেড গোল (এক্সজি) তৈরি করে, যেখানে পানামার ৮টি প্রচেষ্টা থেকে এক্সজি ছিল দশমিক ৬২।
এ হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। আর ক্রোয়েশিয়া শেষ ম্যাচে ঘানার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জোরালো হবে।


