আজ একদিনের সফরে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী
জুন ১৭, ২০২৬
এলজিআরডি মন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
জুন ১৭, ২০২৬
আজ একদিনের সফরে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী
জুন ১৭, ২০২৬
এলজিআরডি মন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
জুন ১৭, ২০২৬

এক ম্যাচে যত কীর্তি মেসির

এই ম্যাচে তিন গোল করে মেসি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি ও ক্লোসা

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির জাদু নতুন কিছু নয়। তবে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযান শুরু করার দিনে তিনি যেন একসঙ্গে ভেঙেছেন ও গড়েছেন অসংখ্য রেকর্ড। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে করা এই হ্যাটট্রিক শুধু ম্যাচের ফলই নির্ধারণ করেনি, বিশ্বকাপ ইতিহাসে মেসির অবস্থানকেও আরও উঁচুতে নিয়ে গেছে।

এই ম্যাচে তিন গোল করে মেসি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি ও ক্লোসা।

এটি ছিল মেসির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও বনে গেছেন। এতদিন রেকর্ডটি ছিল রোনালদোর দখলে। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এছাড়া বিশ্বকাপের এক ম্যাচে দুই বা তার বেশি গোল করা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ডও এখন মেসির।

বিশ্বকাপে ধারাবাহিকতা ও দীর্ঘস্থায়ীত্বের আরেকটি নজির গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি এখন পুরুষদের ফুটবলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন। এর আগে এই কীর্তি ছিল শুধু রোনালদোর।

শুধু গোল নয়, বিশ্বকাপে অবদানের দিক থেকেও ইতিহাসের শীর্ষে উঠে এসেছেন মেসি। বিশ্বকাপে তার মোট গোল অবদান এখন ২৪টি—১৬ গোল ও ৮ অ্যাসিস্ট। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। পেলের বিশ্বকাপে মোট গোল অবদান ছিল ২১টি।

মেসির গোল করার ধারাবাহিকতাও এখন রেকর্ডের খুব কাছে। ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে ফ্রান্সের ফন্টেইন এবং ব্রাজিলের জরজিনহোর। আর মাত্র একটি ম্যাচে গোল করলেই সেই রেকর্ডে ভাগ বসাবেন মেসি। পাশাপাশি তিনি প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে গোল করার নজিরও গড়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে তার একটি গোল এসেছিল বক্সের বাইরে থেকে। সেটি ছিল বিশ্বকাপে মেসির পঞ্চম দূরপাল্লার গোল। গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের রেকর্ডে তিনি এখন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর সমকক্ষ।

এই ম্যাচটি মেসির জন্য ছিল আরও একটি বিশেষ উপলক্ষ। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েছেন। কাকতালীয়ভাবে দিনটি ছিল তার বিশ্বকাপ অভিষেক ও প্রথম বিশ্বকাপ গোলের ২০তম বার্ষিকী। ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন তরুণ মেসি। দুই দশক পর সেই একই দিনে তিনি লিখলেন আরেকটি ইতিহাস।

সবশেষে জাতীয় দলের জার্সিতেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এর মাধ্যমে তিনি দক্ষিণ আমেরিকার প্রথম এবং বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল কীর্তি গড়লেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *