
হিউস্টনে ফিরল বেলো হরিজন্তে
জুন ১৫, ২০২৬
ফিফা বিশ্বকাপ বনাম বাবা ভাঙ্গার পূর্বাভাস, সত্যিটা কী?
জুন ১৫, ২০২৬টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর পেস তারকা নাহিদ রানাকে বিশ্রাম দেয় বাংলাদেশ। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সুযোগ পান শরিফুল ইসলাম।
বামহাতি পেসার সুযোগ পেয়েই আগুন ঝরান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন ৪৮ রানের বিনিময়ে। এর পরও তিনি পরাজিত দলে! কুপার কনোলি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি (১৪৯) করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ১ উইকেটে। এ জয়ে স্বাগতিক দলের কাছে হোয়াইটওয়াশ হওয়া থেকেও বেঁচে যায় অজিরা।
২৭৫ রানের টার্গেটে নেমে অজিরা শরিফুলের আঘাতে ৪০ রানে ২ উইকেট হারিয়ে বসে। এরপর কনোলির লড়াই চলতে থাকে। তিনি মারনাস লাবুশেনকে নিয়ে ৭৭ বলে ৬৪, ক্যামেরন গ্রিনকে নিয়ে ৭১ বলে ৬৮ ও অলিভার পিককে নিয়ে ৫৭ বলে ৬৪ রান যোগ করে অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রাখেন।
একটি সময় মিডল অর্ডারের ব্যাটাররা ফিরে যান সাজঘরে। শেষ দিকে আরেকটি ঝড়ে দ্রুত কয়েকটি উইকেট হারায় অজিরা। ৫ রানের মধ্যে ৪ উইকেটের পতন ঘটে তাদের। তীরে গিয়ে তরী ডোবার উপক্রম হলেও শেষ পর্যন্ত তারাই জয় নিয়ে মাঠ ছাড়ে। দলকে জয় থেকে ৪ রান দূরে রেখে কনোলি শিকার হন মুস্তাফিজুর রহমানের। তাকে বোল্ড করেন বামহাতি পেসার। শেষ মুহূর্তে উত্তেজনা হলেও ৯ বলে ৪ রান তোলার সমীকরণ ঠিকই মিলিয়ে নেন অজিরা। অজিদের যখন ২ রানের প্রয়োজন তখন অ্যাডাম জাম্পা বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন।
২২ বছর বয়সী কনোলি এর আগে ১২টি টি-টোয়েন্টি, ১১টি ওয়ানডে ও একটি টেস্ট খেললেও সেঞ্চুরি ছিল না। গতকাল প্রথম সেঞ্চুরিটাই দেড়শ ছুঁই ছুঁই করে ফেলেন। ১৩৪ বলে ১৪৯ রানের রাজসিক ইনিংস খেলেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসটি সাজান ১৩টি বাউন্ডারি ও ৬ ছক্কায়। কনোলি ছাড়া অস্ট্রেলিয়ার আর কেউ ফিফটিও করতে পারেননি। মারনাস লাবুশেন ২৯ এবং ক্যামেরন গ্রিন ও অলিভার পিক উভয়ই ২৭ রান করেন।
এর আগে তাওহীদ হৃদয় ৮৮ বলে ৮৩, লিটন দাস ৭৮ বলে ৫৮ ও মোসাদ্দেক হোসেন ৫১ বলে ৫৬ রান করে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। জাভিয়ের বার্টলেট ও ম্যাট রেনশ দুটি করে উইকেট নেন।
শেষ ম্যাচ হারলেও ২-১-এ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই প্রথম ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা। সুযোগ এসেছিল হোয়াইটওয়াশ করারও। তবে স্নায়ুক্ষয়ী লড়াই শেষে জয় পেল অজিরা।
এবার দুই দলের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। বুধবার বেলা ২টায় শুরু হবে প্রথম ম্যাচ। এরপর শুক্রবার দ্বিতীয় ও রোববার তৃতীয় ও শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৫। অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯। ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-১-এ জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: কুপার কনোলি (অস্ট্রেলিয়া)। প্লেয়ার অব দ্য সিরিজ: মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ)।


