ইউসিবির ৪৩তম এজিএম
জুন ১২, ২০২৬
পিসিএএফে যোগ দিল প্রাইম ব্যাংক
জুন ১২, ২০২৬
ইউসিবির ৪৩তম এজিএম
জুন ১২, ২০২৬
পিসিএএফে যোগ দিল প্রাইম ব্যাংক
জুন ১২, ২০২৬

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়ক বিভিন্ন নীতিমালা অন্তর্ভুক্ত করায় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

এক বিবৃতিতে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গৃহীত উদ্যোগ ও বিশেষ গুরুত্বারোপ প্রশংসার দাবি রাখে।’

তিনি পুঁজিবাজারসংশ্লিষ্ট সব অংশীজনের প্রত্যাশা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলোর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অর্থমন্ত্রীর সাম্প্রতিক সময়োপযোগী দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ ও আন্তরিকতা সাম্প্রতিক বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।’

ডিএসই চেয়ারম্যানের মতে, রেগুলেটরি কর্তৃপক্ষ ও পুঁজিবাজারসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে প্রস্তাবিত বাজেটে গৃহীত উদ্যোগ দেশের পুঁজিবাজারের আধুনিকায়নে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। এতে বাজার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়বে এবং একটি সমন্বিত, কার্যকর ও শক্তিশালী বাজার অবকাঠামো গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি এনআইটিএ হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ উদ্যোগ পুঁজিবাজারে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো উল্লেখ করেন, ডিএসই এরই মধ্যে বিদ্যমান টি+২ সেটলমেন্ট ব্যবস্থা থেকে টি+১ এবং পর্যায়ক্রমে টি+০ সেটলমেন্ট ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে লেনদেন নিষ্পত্তি আরো দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানসম্মত বাজার অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *