
টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে তিন শীর্ষ পেসার
জুন ১২, ২০২৬
ইউসিবির ৪৩তম এজিএম
জুন ১২, ২০২৬২৩তম ফিফা বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।
উদ্বোধনী অনুষ্ঠান ও মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে এবারের আসরের। বাকি দুই আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র মাঠে নামছে আজ রাতে ও আগামীকাল সকালে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় টরন্টোয় ইউরোপের দেশ বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর দলটি প্রথম ম্যাচ খেলবে লাতিন দল প্যারাগুয়ের বিপক্ষে।
কানাডার জন্য ম্যাচটি অত্যন্ত আবেগের। এই প্রথম বিশ্বকাপ আয়োজন করছে উত্তর আমেরিকার দেশটি। বিশ্বকাপেও খুব বেশি অংশগ্রহণ নেই তাদের। বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে জয়হীন তারা। মেক্সিকোর মাটিতে ১৯৮৬ সালে প্রথমবার অংশগ্রহণ করে ২৪ দলের মধ্যে হয়েছিল ২৪তম ‘ম্যাপল লিফ টিম’। এরপর আটটি আসরে কোয়ালিফাই করতে পারেনি। কাতারে অনুষ্ঠিত ২০২২ আসরে অংশগ্রহণ করে গ্রুপ পর্বেই শেষ হয় দৌড়। সেবার ৩২ দলের মধ্যে ৩১তম হয়েছিল লাল রঙা জার্সিধারীরা। আলফনসো ডেভিসদের কাছ থেকে এবার অনেক প্রত্যাশা কানাডিয়ানদের। শুধু অংশগ্রহণকারী হিসেবেই নয়, অন্যতম আয়োজকও তারা। হোম গ্রাউন্ডে খেলার সুবিধা আদায় করে নিতে পারলে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাদের।
সাবেক যুগোস্লাভিয়ার অংশ বসনিয়া-হার্জেগোভিনা স্বাধীন হওয়ার পর ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রথম আসরে আর্জেন্টিনার গ্রুপে পড়া দলটি দুটি ম্যাচে হারলেও ইরানকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে। এবার নকআউট পর্বে চোখ ইউরোপের নামি তারকা এডিন জেকো ও তার সতীর্থদের।
‘ডি’ গ্রুপে ফেভারিট যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের সামনে প্রথমেই প্যারাগুয়ে। এরপর ১৯ জুন অস্ট্রেলিয়া ও ২৫ জুন তুরস্কের মুখোমুখি হবে ক্রিস্টিয়ান পুলিসিকদের দল। তবে স্বাগতিক দেশের সবার চোখ থাকছে কাল লস অ্যাঞ্জেলেসে। প্যারাগুয়েকে হারিয়ে শুরুতেই ৩ পয়েন্ট তুলে নেয়ার পরিকল্পনা পচেত্তিনোর শিষ্যদের, সেই সঙ্গে ইতিবাচক সূচনারও লক্ষ্য।
ওয়ার্মআপ ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারালেও পরের ম্যাচে জার্মানির কাছে ১-২ গোলে হেরেছে যুক্তরাষ্ট্র। এবার মূল আসরের চ্যালেঞ্জ শুরু হচ্ছে তাদের। ১৯৩০ সালে অভিষেক আসরে তৃতীয় হওয়ার পর যুক্তরাষ্ট্রের সেরা ফল কোয়ার্টার ফাইনাল। এবার ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে শেষ চারে যেতে পারবে কি তারা?


