স্টার্টআপ থেকে ১৬ হাজার কোটি টাকা সম্পদের প্রতিষ্ঠান ‘বিকাশ’
জুন ৭, ২০২৬
সোনালি যুগের খোঁজে এশিয়ার ফুটবল
জুন ৭, ২০২৬
স্টার্টআপ থেকে ১৬ হাজার কোটি টাকা সম্পদের প্রতিষ্ঠান ‘বিকাশ’
জুন ৭, ২০২৬
সোনালি যুগের খোঁজে এশিয়ার ফুটবল
জুন ৭, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন, যা বেলা ৩টায় শুরু হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিস নিষ্পত্তি করা হবে। এছাড়া সংসদ-সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যপ্রণালি বিধির আওতায় গঠিত জ্বালানিসংক্রান্ত বিশেষ কমিটির একটি প্রতিবেদনও উপস্থাপন করা হবে সংসদে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার সর্বশেষ বাজেট উপস্থাপন করেছিল ২০০৬ সালে।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তাকে সামনে রেখে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে। তাই নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার। এবারের বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করা, সৃজনশীল অর্থনীতির সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্ব দেয়া হচ্ছে করজাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগকে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৩ হাজার কোটি টাকা, যা দেশী-বিদেশী উৎস থেকে নেয়া ঋণের মাধ্যমে পূরণ করা হবে।

ব্যবসায়ী সংগঠনগুলো অবশ্য করের বোঝা না বাড়িয়ে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বিভিন্ন সময় জানিয়েছেন, ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় বর্তমান সরকার। দেশী ও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য।

সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, বাজেট উপস্থাপনের আগে বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর এবং সংসদীয় কার্যক্রম চলবে। বাজেট পেশের পর এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরে অর্থবিল ও বরাদ্দ বিল পাসের মাধ্যমে বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয় গত ৩০ এপ্রিল। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *