
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মে ৩১, ২০২৬
ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প ইরানে সামরিকভাবে জড়ানো উচিত হয়নি
মে ৩১, ২০২৬ফুটবল বিশ্বকাপের উদ্বোধনের ক্ষণগণনা শুরু হয়েছে। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এ আসর শুরুর আগেই নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস।
স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উগান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান থেকে আসা যাত্রীদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আয়োজক দেশের একটি মেক্সিকো।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মেক্সিকোর প্রধান তিনটি বিমান সংস্থা মধ্য আফ্রিকার কয়েকটি দেশ থেকে আগত যাত্রীদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির বৃহত্তম বিমান সংস্থা অ্যারোমেক্সিকো সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত ২১ দিনের মধ্যে উগান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন যাত্রীদের মেক্সিকোগামী ফ্লাইটে ভ্রমণে বিধিনিষেধ দেয়া হচ্ছে।
পরে স্বল্পমূল্যের বিমান সংস্থা ভিভা ও ভোলারিসও একই ধরনের সিদ্ধান্তের কথা জানায়। তিনটি সংস্থাই জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ বিধিনিষেধ প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য কার্যকর থাকবে। আর এ সিদ্ধান্তের অন্যতম কারণ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাব। দেশটি এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে এবং গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে খেলবে।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ক্রীড়া আসরের। তবে কঙ্গো দলের অংশগ্রহণ নিয়ে আপাতত বড় কোনো জটিলতা দেখা দেয়ার সম্ভাবনা নেই। দলটি বর্তমানে বেলজিয়ামে অনুশীলন করছে এবং টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ১৫ মে থেকে কঙ্গোতে ইবোলা সংক্রমণে অন্তত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া আরো ২২৩টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমানে দেশটিতে ১২৫টি নিশ্চিত সংক্রমণ এবং ৯০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ আরো বাড়িয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের আগে তাই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


