‘রোনালদোর ক্ষুধা এখনো ট্রফি না পাওয়া তরুণের মতো’
মে ১৭, ২০২৬
দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মে ১৭, ২০২৬
‘রোনালদোর ক্ষুধা এখনো ট্রফি না পাওয়া তরুণের মতো’
মে ১৭, ২০২৬
দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মে ১৭, ২০২৬

শিক্ষার্থীকে বহিরাগতের ধর্ষণচেষ্টা জাবিতে প্রক্টরের কার্যালয়ে তালা, ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

গতকাল তারা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। একই সঙ্গে আজ থেকে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারী এসব শিক্ষার্থীর অধিকাংশ বামপন্থী ছাত্রসংগঠনের কর্মী-সমর্থক।

শুক্রবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাত ২টায় শুরু হওয়া এ কর্মসূচি গতকাল সকাল ৯টা পর্যন্ত চলে। পরে সেখানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ১৩ মে ছয় দফা দাবি উত্থাপন করে অভিযুক্তকে গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তারা প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। তারা ঘোষণা দেন, প্রক্টরের পদত্যাগ, অভিযুক্ত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলতে দেয়া হবে না। অবস্থান কর্মসূচির একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় এক শিক্ষার্থী উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘পুলিশ তদন্ত করছে, কিছু অগ্রগতিও হয়েছে। আমাদের কাছে অপরাধী গ্রেফতার, ভিকটিমের সুস্থতা ও অপরাধের বিচারের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। প্রক্টরিয়াল টিমকে অব্যাহতি দেয়া হবে কিনা সেটি আমার একক সিদ্ধান্ত নয়। এখানে নিরাপত্তা শাখার বিষয় আছে। মূল কাজটি তারাই করে থাকে। সেজন্য দায় চিহ্নিত করার বিষয় রয়েছে। আমাকে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটি একক ব্যক্তি হিসেবে নয়, বরং প্রতিষ্ঠান হিসেবে। দৃশ্যমান ও দায় স্পষ্ট করা ছাড়া কাউকে সরাসরি অব্যাহতি দেয়ার সুযোগ নেই।’

WhatsApp-Image-2026-05-16-at-9.10
উপাচার্যের বাসভবনের ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন জাকসু নেতারা

এদিকে ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। গতকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জাকসু নেতারা এ হুঁশিয়ারি দেন। এ সময় তারা প্রশাসনের কাছে পাঁচ দাবি জানান। দাবিগুলো হলো অভিযুক্তকে দ্রুত গ্রেফতার; গ্রেফতারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; রেজিস্ট্রার, নিরাপত্তা ও প্রক্টরিয়াল বডির জবাবদিহি; ঘটনা নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বন্ধ এবং দাবি পূরণে ব্যর্থ হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, ১২ মে রাতে ঘটনার পরপরই জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও শিক্ষার্থীরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা সুষ্ঠু তদন্তকে ব্যাহত করেছে। এছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া বিভ্রান্তির মুখে পড়েছে বলেও দাবি করে জাকসু।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসের ভেতরে সড়ক দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তি তার পিছু নেন। একপর্যায়ে ছাত্রীর গলায় জাল পেঁচিয়ে অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। ছাত্রী নিজেকে রক্ষা করে সড়কে চলে আসেন। এ সময় সড়কে চলাচলকারী কয়েকজন ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। পরে ছাত্রীসহ শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজে একজনকে দেখতে পান। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *