
গভর্নরের সঙ্গে সাক্ষাৎ ঋণখেলাপির সময়সীমা ৬ মাস চান ব্যবসায়ীরা
মে ১৩, ২০২৬
মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে চাই —জামায়াত আমির
মে ১৩, ২০২৬ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ঈদের সাতদিন আগে ও সাতদিন পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ করা, পশুর হাট ব্যবস্থাপনা, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত, চাঁদাবাজি প্রতিরোধ এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।’
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতিবিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদের আগের সাতদিন এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার হটলাইন নম্বর সক্রিয় রাখা হবে। পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।’
তিনি আরো বলেন, ‘সারা দেশের কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য মহানগর ও জেলা পর্যায়ে হাজারো হাট নির্ধারণ করা হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ জানান, হাটগুলোয় পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জাল নোট শনাক্তকরণ বুথ বসানোর নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সক্রিয় থাকতে বলা হয়েছে। কোরবানির পশুবাহী ট্রাক ও নৌযানে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ-ভারত সীমান্তে সম্ভাব্য কাঁটাতারের বেড়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি দুই দেশের কূটনৈতিক আলোচনার বিষয় এবং সার্বভৌম সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে।’


