গ্যাসের চাহিদা পূরণে অতিরিক্ত আমদানিনির্ভর হয়ে পড়া ছিল আত্মঘাতী
মে ১৩, ২০২৬
ঈদ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং সেল চালু: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১৩, ২০২৬
গ্যাসের চাহিদা পূরণে অতিরিক্ত আমদানিনির্ভর হয়ে পড়া ছিল আত্মঘাতী
মে ১৩, ২০২৬
ঈদ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং সেল চালু: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১৩, ২০২৬

গভর্নরের সঙ্গে সাক্ষাৎ ঋণখেলাপির সময়সীমা ৬ মাস চান ব্যবসায়ীরা

খেলাপি ঋণের মান নির্ধারণে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক চর্চা অনুসরণের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সে নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কোনো ঋণ তিন মাসের মধ্যে পরিশোধ না করলে খেলাপি হিসেবে গণ্য হবে। তবে সে সময়সীমা ছয় মাস পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ দাবি জানান তারা। দেশের উৎপাদনমুখী শিল্প খাতের সংকট মোকাবেলায় এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখতে মোট সাত দফা দাবি জানায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, কভিড-পরবর্তী সময় থেকে শিল্প খাত একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার উৎপাদন ব্যয়কে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। এ পরিস্থিতিতে বহু শিল্পপ্রতিষ্ঠান মূলধন সংকটে পড়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ সময় গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে সাত দফা দাবিসহ একটি চিঠি দেন ব্যবসায়ীরা। চিঠিতে বলা হয়, পুঁজিবাজার এখনো পরিপক্ব না হওয়ায় শিল্পায়নের স্বার্থে ১২ বছর মেয়াদি (দুই বছরের গ্রেস পিরিয়ডসহ) ঋণের ব্যবস্থা করা এবং অফশোর ফান্ডের মাধ্যমে কম সুদে যন্ত্রপাতি আমদানির সুযোগ দেয়া দরকার‍। এছাড়া ঋণপত্রের (এলসি) বকেয়া অর্থকে দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তর এবং বৈদেশিক উৎস থেকে কম সুদে চলতি মূলধন সংগ্রহের অনুমতি দেয়ারও আহ্বান জানানো হয়।

চিঠিতে উত্থাপিত বাকি দাবিগুলো হলো ব্যাংকে ঋণের সুদহার ১১-১২ শতাংশে নামিয়ে আনা, সিবিআই রিপোর্টে ‘‌গ্রুপ কনসেপ্টে’ শিথিলতা আনা, ঋণ পরিশোধে ব্যর্থতায় মাশুল সুদ প্রত্যাহার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অর্থায়ন সহজ করা।

বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসাইন ও জসীম উদ্দীন, বিসিআইয়ের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, বিসিএমইএর চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন, বিএমএএমএর সভাপতি মতিউর রহমান, বিজিএপিএমইএর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এবং বিসিআইয়ের সহসভাপতি প্রীতি চক্রবর্তীসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *