সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশী হজযাত্রী
মে ১১, ২০২৬
বাসায় ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, অভিযুক্ত পলাতক
মে ১১, ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশী হজযাত্রী
মে ১১, ২০২৬
বাসায় ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, অভিযুক্ত পলাতক
মে ১১, ২০২৬

নিরাপদ ও নিয়মিত অভিবাসনে দক্ষতা উন্নয়নের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও পুনর্ব্যক্ত করেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি: বাংলাদেশ সিচুয়েশন’ শীর্ষক এক বৈঠকে এসব কথা বলেন তিনি। সম্প্রতি অনিয়মিত পথে ‘বাংলাদেশ-লিবিয়া-ইতালি’ রুটে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কয়েকজন বাংলাদেশীর মৃত্যুর প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত, লিবিয়ার দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকার অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় ‘‌জিরো টলারেন্স’ নীতির ওপর জোর দিচ্ছে।’

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের জুনে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন বিষয়ে নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে। এতে ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয় পাওয়ার প্রক্রিয়া আরো কঠিন হতে পারে।

বৈঠকে ভবিষ্যতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন পন্থার মধ্যে প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের সঙ্গে সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের কাছে নিয়মিত অভিবাসন প্রক্রিয়াটিকে আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, গন্তব্য দেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন জরুরি। পাশাপাশি নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারলে নিয়মিত অভিবাসন আরো কার্যকর হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের আরো সম্পৃক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, রেমিট্যান্স, বিনিয়োগ ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে তাদের অবদান বাড়াতে হবে।

বৈঠকে অংশীজনরা অবৈধ অভিবাসন প্রতিরোধ, নিয়মিত অভিবাসন উৎসাহিত করা এবং পুরো প্রক্রিয়াকে মানবিক ও অধিকারভিত্তিক রাখতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *