
প্রায় ১০ হাজার কোটি টাকার নিট মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
মে ৮, ২০২৬
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে ২০-৩০ টাকা
মে ৮, ২০২৬২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ।
ওই জয় ছিল টাইগারদের জন্য ঐতিহাসিক। কেননা তার আগে ১৩ টেস্টের মুখোমুখিতে কোনো জয় আসেনি। ১ বছর ৭ মাস পর আবার টেস্ট সিরিজে মুখোমুখি দুই দল। এবার বাংলাদেশের মাঠে দুই টেস্টের সিরিজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
টেস্ট সিরিজ সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্টের চলতি চক্রে (২০২৫-২৭) ভালো করতে চান তারা। পাকিস্তান দলনায়ক শান মাসুদ রাওয়ালপিন্ডিতে হারের কোনো প্রতিশোধের কথা ভাবছেন না।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে চাইব, ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এ চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। এ চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এ চক্রটা আরো ভালো হবে।’
প্রথম ইনিংসে বড় সংগ্রহ চান শান্ত। তিনি বলেন, ‘(প্রথম ইনিংসে) চারশর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা বিষয় বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না, কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি, কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
প্রশ্ন ওঠে দুই দলের পেস আক্রমণ নিয়ে। বাংলাদেশের পেস বোলিং বিভাগকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখছেন শান্ত। সফরকারীদের পেস আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলী, খুররম শাহজাদ ও আমাদ বাট। বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পেসার আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।
দুই দলের পেস আক্রমণে নিজ দলকে এগিয়ে রাখেন শান্ত। তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগে আমি বলব, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলব, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে। পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর যেভাবে আমাদের পেস বোলাররা বল করছেন, তাদের কৃতিত্ব দিতেই হবে।’
দুই দলের পেস বোলিংয়ের তুলনায় শান মাসুদ বলেন, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এখন পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হার নিয়ে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে ‘‘প্রতিশোধ’’-এর মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল—তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও।’


