
২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
মে ২, ২০২৬
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
মে ২, ২০২৬সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই সিলেটে তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি বলছে, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেয়া সাড়ে চার হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম এ খাল উদ্বোধন করেছিলেন। বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে দেশে নতুন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার ফ্লাইটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের সময়সূচি অনুযায়ী প্রতিটি স্থান আগেভাগেই প্রস্তুত রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে।


