ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রের ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি নিয়ে মিথ্যাচার করছে সরকার —রুমিন ফারহানা
এপ্রিল ২০, ২০২৬
ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রের ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি নিয়ে মিথ্যাচার করছে সরকার —রুমিন ফারহানা
এপ্রিল ২০, ২০২৬

এক মাসে দুইবারে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫৯৯ টাকা

চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।

এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। সে হিসাবে ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল নতুন দাম ঘোষণা করেছে। চলতি মাসের শুরুতেও ১২ কেজি সিলিন্ডার এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। আর এবার যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। এতে চলতি মাসেই সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৫৯৯ টাকা। গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। জ্বালানি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরেই দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে সংস্থাটি।

বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। যদিও বাজারে সে দামে এলপিজি পাওয়া যায় না বলে ভোক্তাদের অভিযোগ দীর্ঘদিনের। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *