
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৫ বছরে রোগীর চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ সংকটে স্বাস্থ্যসেবা
এপ্রিল ১৬, ২০২৬
ঝুঁকিতে ৫০০ বছরের ঐতিহ্য সিলেটের কুশিয়ারার ভয়াল গ্রাসে বিলীন হচ্ছে জনপদ
এপ্রিল ১৬, ২০২৬বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল চলতি বছরের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম।
তালিকায় রাজনীতিবিদ ও রাষ্ট্রনেতা আছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন পোপ লিও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহসহ আরো অনেকে।
ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। মুখবন্ধে লেখা হয়েছে, মাত্র কয়েক মাস আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে তিনি বিরোধী দলের শীর্ষ নেতা থেকে অপেক্ষমাণ জাতীয় নেতায় পরিণত হন। ১৭ বছর নির্বাসিত থাকার পর গত ফেব্রুয়ারির নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন ৫৭ বছর বয়সী এ রাজনীতিবিদ।
এতে আরো বলা হয়েছে, বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করলেন, যিনি তারেক রহমানের ঢাকা ফেরার মাত্র পাঁচদিন পরই শেষ নিশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের জানুয়ারিতে যখন তারেক রহমান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বসেন, তখনো বেশ শোকার্ত ছিলেন তিনি। তবে সেই শোককে সাড়ে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করার, শক্তিতে রূপান্তর করার এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবারো সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং তরুণ প্রজন্মের বেকারত্বে জর্জরিত, পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এক ঐতিহাসিক সংকটকাল চলছে। এ সবকিছুরই দ্রুত প্রতিকার প্রয়োজন।
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আসার খবর ফেসবুকে পোস্ট করে তার উপদেষ্টা মাহ্দী আমিন লিখেছেন, ‘আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়, আলহামদুলিল্লাহ।’ তিনি লিখেছেন, ‘তিনি প্রমাণ করেছেন, ক্ষমতা নয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি, দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাতকঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’


