বর্ষবরণে সারা দেশে বর্ণিল আয়োজন
এপ্রিল ১৪, ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ: বিভিন্ন স্থানে তিতাসের সাঁড়াশি অভিযান
এপ্রিল ১৪, ২০২৬
বর্ষবরণে সারা দেশে বর্ণিল আয়োজন
এপ্রিল ১৪, ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ: বিভিন্ন স্থানে তিতাসের সাঁড়াশি অভিযান
এপ্রিল ১৪, ২০২৬

সাংবাদিকদের হুমায়ুন কবির ভারত সফর ফলপ্রসূ হয়েছে

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে।

গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির। তারা সম্প্রতি ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত ৭ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির ভারত সফরে যান।

হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের সম্পর্ক যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা কিছুটা ভালো প্রোগ্রেস করতে পারব। ওই দিক থেকে এটি ফলপ্রসূ সফর। ওখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে। দুটি মিটিংই ইতিবাচক।’

তিনি বলেন, ‘আশা করি, আগামী সপ্তাহে আমরা বৈঠকের কিছু পজিটিভ দিক দেখতে পাব। আমরা গুরুত্ব দিয়েছি, মেডিকেল ভিসাগুলো যেন তাড়াতাড়ি চালু করে দেয়া হয়। তারাও বিষয়গুলো ইতিবাচকভাবে নিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি শেখ হাসিনা ভারতের মাটিকে ব্যবহার করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। এমনকি তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি আমরা জোরালোভাবে জানিয়েছি। সবকিছু স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।’

উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। প্রধানমন্ত্রী তার বিদেশ নীতি সার্কভুক্ত দেশগুলোর জন্য পররাষ্ট্রনীতির রূপরেখার মাধ্যমে প্রজেক্ট করতে চাচ্ছেন বা আমরা চাচ্ছি, যাতে এ ফ্রেমওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক সহায়তা জোরদার করা যায়। স্বাভাবিকভাবে এ অঞ্চলের ভেতর ভারত সফর হতেই পারে, কিন্তু এখনো ফাইনাল কিছু না, হতে পারে, এটা বিবেচনাধীন আছে।’

দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনায় বলেছি, বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে হলে দুই পক্ষ থেকে আমাদের সমানভাবে অগ্রসর হতে হবে। একদিনে সব আলোচনা করা যাবে না। যদি দুই দেশের মাইন্ডসেট ঠিক থাকে, তাহলে ইতিবাচক যেকোনো কিছু করা সম্ভব।’

উপদেষ্টা বলেন, ‘জ্বালানি খাতে তাদের কিছু সহযোগিতা আমরা পেয়েছি, পাইপলাইনে আছে, এটার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছি। যেখানে সহযোগিতা আরো লাগবে, ওখানে আমরা সহযোগিতা পাব—এ বিষয়ে তারা আশ্বস্ত করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *