
চাঁদপুরে ৪২ শয্যার বিপরীতে ভর্তি ১৪৭ শিশু
এপ্রিল ৫, ২০২৬
রাজশাহীতে ইলিশের দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা
এপ্রিল ৫, ২০২৬ছয় জেলায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
একই সঙ্গে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নেয়া প্রায় ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা। গতকাল নগরীর পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রায় ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাসভর্তি সিলিন্ডার এবং নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়, যাদের মধ্যে চারজন বাংলাদেশী ও আটজন রোহিঙ্গা নাগরিক। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা থেকে ডিজেল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এর আগে শুক্রবার রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীনভাবে দুই জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, জব্দকৃত ডিজিলের মোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা।
চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালানো হয়। আটক ওই ব্যক্তি হলেন–দোকান মালিক মো. হাসান। পুলিশ জানায়, উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। পরে দোকান মালিককে আটক করা হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল: বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়ি থেকে এই ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়। এ সময় ইউপি সদস্য সুমন ঘরামীর ভাই বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, ‘চরকালেখান ইউপি সদস্যের বাড়ি থেকে ডিজেল জব্দ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। চালের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
বরগুনা: বরগুনার পাথরঘাটার একটি গোডাউন থেকে মজুদ করা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বিকালে পাথরঘাটা উপজেলার বিএফডিসি-সংলগ্ন স্লুইস গেট এলাকায় পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট মো. আব্দুল্লাহর মালিকানাধীন মেসার্স গাজী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৯৩ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। পরে গোডাউনের মালিক ও জ্বালানি তেল বিক্রেতা মো. আব্দুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দ করা ডিজেল জেলেদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, ‘জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পাথরঘাটায় কোনো জ্বালানি তেল মজুদ করতে দেয়া হবে না এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রিও করতে দেয়া হবে না।’


