মৃত্যু ১০০ ছাড়িয়েছে হামের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কি বাংলাদেশে
এপ্রিল ৫, ২০২৬
নতুন সময়সূচিতে অফিস শুরু আজ
এপ্রিল ৫, ২০২৬
মৃত্যু ১০০ ছাড়িয়েছে হামের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কি বাংলাদেশে
এপ্রিল ৫, ২০২৬
নতুন সময়সূচিতে অফিস শুরু আজ
এপ্রিল ৫, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে।

এসব ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের মধ্যে কক্সবাজার ও গাইবান্ধায় দুজন করে; কুমিল্লা, নাটোর, টাঙ্গাইল ও বাগেরহাটে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

কক্সবাজার: জেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) ও দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১)। আহত মো. সানি (১৮) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন বন্ধু দরগা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের উদ্দেশে রওনা হন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কুমিল্লা: চৌদ্দগ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে লরিচাপায় এক ছাত্র নিহত হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ঘোলপাশা ইউনিয়নের আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র আমানগণ্ড গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে জিহান হোসাইন (১১)।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু কাউসার জানান, আমানগণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহান হোসাইন নিহত ও তানিসা আক্তার গুরুতর আহত হয়।

গাইবান্ধা: রংপুরের মিঠাপুকুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র নয়ারহাট এলাকার বাসিন্দা আনিসুর রহমান (৫৫) ও তার স্ত্রী আফিয়া বেগম (৪৫)। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জহুরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এলাকায় বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে।

বাগেরহাট: জেলায় সড়ক দুর্ঘটনায় মো. মনিম আল হাসান (২৮) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকালে শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

টাঙ্গাইল: সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। সে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী ও একই এলাকার ইউপি সদস্য ইয়ানুর। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাটোর: জেলার লালপুরে সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়ামিন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর এলাকায় সড়ক অতিক্রমকালে ট্রাকের নিচে চাপা পড়ে শিশু ইয়ামিন। গুরুতর অবস্থায় ইয়ামিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *