
মধ্যপ্রাচ্য যুদ্ধেও স্থিতিশীল বিটকয়েন আসিয়ানে ক্রিপ্টো গ্রহণে নতুন গতি
এপ্রিল ১, ২০২৬
হামে শিশুদের মৃত্যুতে দায়ী স্বাস্থ্যখাতে দুর্নীতি: জামায়াতে ইসলামী
এপ্রিল ১, ২০২৬সিঙ্গাপুরের কাছে হেরে এএফসি এশিয়া কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ ফুটবল দল। গতকাল সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে লাল-সবুজরা।
এর আগে গত বছর ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ খেলে শেষ পর্যন্ত ১-২ গোলে হার মেনেছিল বাংলাদেশ। এবার ১৪৬ র্যাংকধারী সিঙ্গাপুরের মাঠে জয়ের আশা করলেও বেশকিছু সুযোগ হারানোয় স্বপ্ন অপূর্ণই থাকল বাংলাদেশ দলের, যারা র্যাংকিংয়ে ১৮১ নম্বরে অবস্থান করছে।
ম্যাচের ৩১ মিনিটে হারিস স্টুয়ার্টের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নিজেদের গোলবার অক্ষত রাখতে সমর্থ হলেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ। এ অর্ধে দারুণ খেলে প্রতিপক্ষকে চাপে রাখে সফরকারী দল, যদিও কাঙ্ক্ষিত গোল আসেনি।
বাছাইপর্বে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া হামজা-জামালরা তিনটিতে হেরেছেন, ড্র করেন বাকি দুটি ম্যাচ। এর মধ্যে আরো একাধিক ম্যাচে জয়ের সুযোগ হারায় কাবরেরার দল। সব মিলিয়ে পয়েন্ট ৫ নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের তিনে থেকে শেষ করল লাল-সবুজরা। আগেই মূল পর্বে ওঠা সিঙ্গাপুরের পয়েন্ট ১৪। মূল পর্বে উঠতে ব্যর্থ হংকং, বাংলাদেশ ও ভারত।
গতকাল গ্রুপের আরেক ম্যাচে হংকংকে হারিয়ে দেয় ভারত। কোচিতে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় স্বাগতিক দলটি। এ জয়ে বাংলাদেশের মতো ভারতও ৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।
সাফের আরেক দল শ্রীলংকা দারুণ এক জয়ে মিশন শেষ করল। তারা গতকাল ৩-১ গোলে হারিয়েছে চায়নিজ তাইপেকে। ছয় ম্যাচ থেকে তিনটি জয় তুলে নিয়েছে সিংহলিজরা। গতকাল তুর্কমেনিস্তানকে ২-১ গোলে হারিয়েছে থাইল্যান্ড, যারা ১৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে মূল পর্বে উঠেছে।
আগামী বছর সৌদি আরবে বসবে এএফসি এশিয়া কাপ আসর, যে আসরে খেলবে মোট ২৪টি দেশ।


