যুদ্ধ শুরুর পর বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি
এপ্রিল ১, ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত ৬
এপ্রিল ১, ২০২৬
যুদ্ধ শুরুর পর বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি
এপ্রিল ১, ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত ৬
এপ্রিল ১, ২০২৬

পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতিবঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি।

দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক গতকাল সচিবালয়ে যান প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সংগত দাবিগুলো বিস্তারিত তুলে ধরতে যান তারা। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে যান চিকিৎসকরা। এ সময় তারা দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা না দেখিয়ে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। খবর বাসস।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আকস্মিক এ সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীকে জানান।

আতিকুর রহমান রুমন আরো জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সংবলিত তাদের লিখিত আবেদনটি সে সময় গ্রহণও করেন তিনি।’

প্রধানমন্ত্রী বরাবর সেই আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চনার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেয়া হয়নি। এতে করে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।

শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের অসুস্থ বাবা মীর মোস্তাফিজুর রহমানের চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানামাত্র প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এরপর গতকাল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। তারা মুগ্ধের বাবার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই দীপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *