কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ১২
মার্চ ২২, ২০২৬
ঈদে বিদ্যুতের চাহিদা নেমেছে ৬ হাজার মেগাওয়াটে
মার্চ ২২, ২০২৬
কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ১২
মার্চ ২২, ২০২৬
ঈদে বিদ্যুতের চাহিদা নেমেছে ৬ হাজার মেগাওয়াটে
মার্চ ২২, ২০২৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা তোলার পরও বিশ্ববাজারে কমেনি তেলের দাম

ইরানের জ্বালানি তেল বাণিজ্যে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে (৩০ দিনের জন্য) শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে বর্তমানে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা জ্বালানি তেল রফতানিতে আপাতত কোনো বাধা থাকছে না ইরানের সামনে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে চলমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এর মধ্য দিয়ে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের পূর্ববর্তী নীতি থেকে সরে এল ওয়াশিংটন। পর্যবেক্ষকরা বলছেন, জ্বালানি তেলের দাম ক্রমেই আকাশচুম্বী হয়ে ওঠায় ট্রাম্প প্রশাসনকে বেশ কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে। পণ্যটির বাজার স্থিতিশীল করতে নেয়া অন্যান্য পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ নিষেধাজ্ঞা শিথিলের খবরেও বিশ্ববাজারে দাম কমেনি জ্বালানি তেলের। খবর নিউইয়র্ক টাইমস, সিএনএন, আল জাজিরা।

চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। এ যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। সর্বশেষ গত শুক্রবার সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছে যায় ১১২ ডলারে।

স্পট মার্কেটে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহকৃত জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল গতকালও। অয়েলপ্রাইসডটকমের গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সরবরাহকৃত মারবান ক্রুডের সর্বশেষ মূল্য ছিল ১৪৬ ডলার ৪০ সেন্ট। আর আরব লাইট বেঞ্চমার্ক ক্রুডের সর্বশেষ মূল্য ছিল ১২৭ ডলার ৫ সেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যুদ্ধ শুরুর তিন সপ্তাহ শেষ হতে না হতেই জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রশাসনের হাতে কার্যকর বিকল্প প্রায় শেষ হয়ে এসেছে। জ্বালানি পণ্যের বাজারমূল্যে অস্থিরতার প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতেও। বাজারে যেখান থেকে যেভাবে সম্ভব জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। আর কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের মধ্য দিয়ে হলেও পরিস্থিতি মোকাবেলার পথ বেছে নিতে হয়েছে মরিয়া ট্রাম্প প্রশাসনকে।

বাজার নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে কয়েকশ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রুশ জ্বালানি তেলের ওপর আগে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়ানোর পদক্ষেপও নেয়া হয়েছে। এর পরও আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্য খুব একটা কমিয়ে আনা সম্ভব হয়নি। বরং ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১২ ডলারে উঠেছে, যা সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। দেশটিতে গ্যাসোলিনের দামও বেড়ে গ্যালনপ্রতি প্রায় ৪ ডলারে পৌঁছেছে।

ইরানের জ্বালানি তেল রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে বিব্রতকর অবস্থানে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে একই দেশকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ দিচ্ছে। এ থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন এ মুহূর্তে বেশ কঠিন পরিস্থিতিতে আছে।

যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মধ্য দিয়ে ইরানের কৌশল ব্যর্থ করেছেন তারা। নিষেধাজ্ঞার কারণে এ জ্বালানি তেল কিনে নিত শুধু চীন। কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে এর গন্তব্য বদলে দিচ্ছেন তারা। ইরানের কাছ থেকে ভারতের মতো কোনো মিত্র দেশ থাইল্যান্ড-ভিয়েতনামের মতো দেশগুলোর পক্ষে এখন এ জ্বালানি তেল কিনে নেয়া সম্ভব হবে। একই সঙ্গে তা সরবরাহ সংকটকেও কিছুটা প্রশমিত করবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইরান যেভাবেই হোক এ তেল বিক্রি করত। এখন আমরা শুধু ক্রেতা বদলে দিচ্ছি।’

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও দাবি করছেন, ‘এটি ইরানের কৌশল ব্যর্থ করে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার একটি উপায়।’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের ভাষ্যমতে, ‘এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। এর মূল লক্ষ্য হলো জ্বালানি মূল্যের অস্বাভাবিক উত্থানকে ঠেকানো।’

যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ জ্বালানি তেলের বাজারে বিদ্যমান সংকট কাটাতে স্বল্পমেয়াদেও কার্যকর ভূমিকা রাখতে পারবে সে বিষয়েও প্রশ্ন রয়েছে। বর্তমানে ইরানের ১৪০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। এ পরিমাণ জ্বালানি তেল বিশ্বব্যাপী মাত্র দেড় দিনের চাহিদা পূরণ করতে সক্ষম। এ সরবরাহ দ্রুত শেষ হয়ে এরপর আবার বড় সংকট তৈরি হতে পারে। এ অবস্থায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনরায় আরো শিথিলের জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষক গ্রেগরি ব্রু। তিনি বলেন, ‘এ জ্বালানি তেল দ্রুত বিক্রি হয়ে যাবে। তারপর স্বাভাবিকভাবে ইরানি জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আবারো প্রশ্ন উঠবে।’

ইরানে যুদ্ধের ডামাডোলে বর্ণহীন ঈদ ও নওরোজ

বাংলাদেশের মতো ইরানেও ঈদুল ফিতরের দিন ছিল গতকাল। দীর্ঘদিন পর এবারই দেশটিতে ঈদ ও নওরোজের (নববর্ষ) ছুটি প্রায় একই সময়ে পড়েছে। যদিও যুদ্ধের ডামাডোলে দেশটিতে উৎসবের আয়োজন তেমন একটা ছিল না। সাধারণত দেশটিতে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবার জনসমক্ষে আসেননি এবং ঈদের নামাজেও অংশ নেননি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এরপর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন। তার পরিবর্তে ঈদের নামাজে ইমামতি করেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত খোমেনি গ্র্যান্ড মস্কে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নাতাঞ্জে পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ তেহরানের

ইরানের গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, গতকাল সকালে নাতাঞ্জ সমৃদ্ধকরণ কমপ্লেক্সে এ হামলা চালানো হয়।

সংস্থাটি জানায়, মধ্য ইরানের নাতাঞ্জ শহরের শাহিদ আহমাদি রোশন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সংঘটিত এ হামলার অভিঘাতে কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ ঘটেনি। রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত স্থাপনাটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি বলে বিবৃতিতে ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়।

এর আগে ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধ চলাকালে একই স্থাপনায় হামলা চালানো হয়েছিল। তখন স্যাটেলাইট ছবিতে একাধিক ভবনের ক্ষয়ক্ষতি দেখা যায়।

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, ইরান সংস্থাটিকে নাতাঞ্জে হামলার বিষয়ে অবহিত করেছে। স্থাপনাটির বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির লক্ষণ দেখা যায়নি। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত করছে আইএইএ।

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি যুদ্ধরত পক্ষগুলোকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

রাশিয়া এ হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিষয়টিকে আন্তর্জাতিক আইনের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজের ভাষ্যমতে, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা আরো বাড়ানো হবে।

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের হামলা অব্যাহত

ইসরায়েল জানিয়েছে, গতকাল ভোরেও ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হলে কঠিন প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরো তিন মার্কিন যুদ্ধজাহাজ, ২৫০০ সেনা

যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনো অস্পষ্ট বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, আপাতত যুদ্ধবিরতির বিষয়টি তার বিবেচনায় নেই। তবে একই দিনে সামাজিক মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম ‘কমিয়ে আনার’ কথাও বলেছেন।

আবার আগামী মাসেই আড়াই হাজার মেরিন সেনাসহ তিনটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন, যা এরই মধ্যে সেখানে মোতায়েনকৃত ৫০ হাজারের বেশি সৈন্যের সঙ্গে যুক্ত হবে।

দিয়েগো গার্সিয়া দ্বীপে ইঙ্গ-মার্কিন ঘাঁটিতে হামলা: ৩৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করল ইরানি মিসাইল

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি থেকে আরো হামলা চালানোর অনুমতি দেয়ার পরিপ্রেক্ষিতে গতকাল ইরান ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এক যৌথ ঘাঁটির দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশটির স্থানীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান চাগোস দ্বীপপুঞ্জের দিকে দুটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে কোনোটি লক্ষ্যভেদ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *