চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
মার্চ ২০, ২০২৬
মারা গেছেন চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম
মার্চ ২০, ২০২৬
চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
মার্চ ২০, ২০২৬
মারা গেছেন চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম
মার্চ ২০, ২০২৬

বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোয় খেলতে চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের প্রভাব পড়তে পারে আগামী ফুটবল বিশ্বকাপেও।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ২৩তম ফিফা বিশ্বকাপ আসর। ৪৮ দলের এ আসরে কোয়ালিফাই করেছে ইরানও। প্রশ্ন উঠেছে, ইরান কি এ বিশ্বকাপ বয়কট করবে? দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে বয়কট করবে, তবে বিশ্বকাপ নয়। ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নেয়ার অনুরোধ জানাবে আয়োজক সংস্থা ফিফাকে।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইরান আসন্ন বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা করছে না। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা আমেরিকাকে (যুক্তরাষ্ট্র) বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। ‘জি’ গ্রুপে তারা খেলবে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের সঙ্গে। ১৫ জুন লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড সোফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ইরান ফুটবল দলের। যদিও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই খেলার কথা যুক্তরাষ্ট্রের মাঠে। এর মধ্যে দুটি লস অ্যাঞ্জেলেসে ও বাকিটা সিয়াটলের লুমেন ফিল্ডে হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের মাঠে ম্যাচ না খেলার ব্যাপারে ইরান ফুটবল ফেডারেশন এরই মধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের দাবি, ম্যাচগুলো যেন মেক্সিকোয় সরিয়ে নেয়া হয়।

ইরান ফুটবল দল এ মুহূর্তে তুরস্কের ক্যাম্পে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। তুরস্কের মাঠে তারা দুটি প্রীতি ম্যাচও খেলবে। ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে ও এর চারদিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। ম্যাচ দুটি অবশ্য একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টের অংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে এলে ইরান দলের খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে শঙ্কা থাকতে পারে। মেহদি তাজ এ মন্তব্যকে ভিত্তি করেই ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জোরালো করেছেন। পাশাপাশি তিনি জবাবে বলেছেন, ‘কেউই যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।’

এমন পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়ে দিয়েছেন, জুনে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত তার দেশ। তবে শেষ সিদ্ধান্ত নেবে ফিফা। আপনারা ইরানের ম্যাচ আয়োজনে প্রস্তুত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় মেক্সিকো। এর পরও আমরা দেখি ফিফা কী সিদ্ধান্ত নেয়।’

সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এমন পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। তারা শ্রীলংকায় ম্যাচ খেলার আবেদন জানালেও শেষ পর্যন্ত আইসিসি তাতে রাজি হয়নি। ফলে বিশ্বকাপই খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। এবার দেখার অপেক্ষায়, ইরানকে নিয়ে ফিফা কী সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *