
অস্ত্রসহ আটক
মার্চ ১৪, ২০২৬
বড় জয়ে কি প্রতিশোধ নিল পাকিস্তান
মার্চ ১৪, ২০২৬বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ১২৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা আনল পাকিস্তান।
বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বাংলাদেশের সংশোধিত টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। স্বাগতিকরা ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট। কাকতালীয়ভাবে, প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ!
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এ রান তাড়া করতে নেমে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাজঘরে ফিরে যান সাইফ হাসান, তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। সন্ধ্যা ৭টা ২১ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। রাত ৯টা ৪৫ মিনিটে খেলা পুনরায় শুরু হয়। বৃষ্টির পর লিটন দাস ও তাওহীদ হৃদয় দারুণ ব্যাটিংয়ে আশা দেখালেও তাদের বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশ। লিটন ৩৩ বলে ৪১ ও হৃদয় ৩৮ বলে ২৮ রান করেন। এরপর কেবল আসা-যাওয়া করেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনরা। পাকিস্তানের হারিস রউফ ও মাজ সাদাকাত তিনটি করে এবং শাহিন শাহ আফ্রিদি দুটি উইকেট নেন।
এর আগে মাজ সাদাকাত ও সালমান আগার ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। দলটি বিনা উইকেটে শতরান তুলে নেয়ার পর হঠাৎই তিন উইকেট হারিয়ে বসে। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলা সাদাকাত আউট হওয়ার পরই ছন্দপতন ঘটে অতিথিদের। দলীয় ১০৩ রানের মাথায় তাকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মিরাজ। ১২১ রানে সাহিবজাদা ফারহানকে আউট করেন তাসকিন আহমেদ, এক রানের ব্যবধানে শামিল হুসাইন শিকার হন নাহিদ রানার।
১২২ রানে তিন উইকেট পতনের পর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা ১১৫ রানের জুটি গড়ে পাকিস্তানকে টানেন। সালমান ৬৪ ও রিজওয়ান ৪৪ রান করে আউট হয়েছেন মিরাজের বলে। তিন বলের ব্যবধানে এ দুজনকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। দলের সংগ্রহ তখন ২৩১/৫। এরপর দারুণ বোলিং সাফল্য পায় স্বাগতিকরা। ৪২ রানের মধ্যে অতিথি দলের বাকি ৫ উইকেট শিকার করেন বাংলাদেশের বোলাররা। ৪৭.৩ ওভারে ২৭৪ রান তুলে অল আউট হয়ে যায় পাকিস্তান। রিশাদ হোসেন ৫৬ রানে তিনটি, মিরাজ ৩৪ রানে দুটি উইকেট নেন।
এ মাঠে বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। গতকাল হারল স্বাগতিকরা। আগামীকাল সিরিজের মীমাংসা।


