মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার —প্রতিমন্ত্রী নুরুল হক নুর
মার্চ ১৪, ২০২৬
ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই
মার্চ ১৪, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার —প্রতিমন্ত্রী নুরুল হক নুর
মার্চ ১৪, ২০২৬
ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই
মার্চ ১৪, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহে কমেছে ১.৭%

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ স্বর্ণের দাম কমেছে। এক সপ্তাহে মূল্যবান এ ধাতুর দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছে।

মূলত ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা কিছুটা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে এ নিম্নমুখিতা দেখা দিয়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৮৭ ডলার ৬১ সেন্টে পৌঁছেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে দরপতন দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে। অন্যদিকে এপ্রিলে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ ডলার ৬০ সেন্টে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। শেয়ারবাজারের দরপতন এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা লোকসান কাটাতে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন।

স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘শেয়ারবাজারে সূচকের পতন হওয়ায় বিনিয়োগকারীরা অন্যান্য খাতে লোকসান করছেন। এ ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত নগদ অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে তারা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে। এ কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে বলে বাজার ধারণা করছে।’

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবও বাজারে স্পষ্ট হয়ে উঠেছে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুমকি দিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে ডলারকে নিরাপদ আশ্রয় হিসেবে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে ডলারের বিনিময় হার গত তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ডও ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে।

যদিও সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু জ্বালানি তেলের চড়া দামের প্রভাব এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি। বিনিয়োগকারীরা এখন জানুয়ারির ব্যক্তিগত ভোগ ব্যয়-সংক্রান্ত (পিসিই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা ধারণা করছেন যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহের বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখবে।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম গতকাল ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৮২ ডলার ৬৬ সেন্টে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ৮১ ডলার ২৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬০৫ ডলার ৯০ সেন্টে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *